ছঙ্গুর বাবা, যার আসল নাম জামালুদ্দিন, নিজেকে ‘ভারত প্রতিবর্ত সেবা সঙ্ঘ’ নামক এক সংগঠনের অবধ অঞ্চলের সাধারণ সম্পাদক বলে দাবি করতেন।

ছঙ্গুর বাবা
শেষ আপডেট: 19 July 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ধরা পড়া বহুচর্চিত ধর্মান্তর চক্রের মূল অভিযুক্ত ছঙ্গুর বাবা (Chhangur Baba) নিজেকে একটি আরএসএস-ঘনিষ্ঠ (RSS) সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে পরিচয় দিতেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি ব্যবহার করতেন ওই সংগঠনের লেটারহেডে, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে তদন্তকারী সংস্থা।
ছঙ্গুর বাবা, যার আসল নাম জামালুদ্দিন, নিজেকে ‘ভারত প্রতিবর্ত সেবা সঙ্ঘ’ নামক এক সংগঠনের অবধ অঞ্চলের সাধারণ সম্পাদক বলে দাবি করতেন। এই সংগঠনটি পরিচালনা করতেন অপর এক মূল অভিযুক্ত ঈদুল ইসলাম। তদন্তকারীদের মতে, সংগঠনের নামটিই এমনভাবে রাখা হয়েছিল যাতে তা সঙ্ঘের সঙ্গে যুক্ত বলে বিভ্রান্তি সৃষ্টি করা যায়।
শুধু তাই নয়, নাগপুরে যেখানে সঙ্ঘের সদর দফতর, সেই শহরেই একটি ভুয়ো কেন্দ্র স্থাপন করে ঈদুল ইসলাম সংগঠনের বিশ্বাসযোগ্যতা তৈরি করে।
তদন্তে উঠে এসেছে, বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার সময় ছঙ্গুর বাবা ও ঈদুল, আরএসএস-এর একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করতেন নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে।
বালরামপুরের বাসিন্দা ছঙ্গুর বাবাকে চলতি মাসের শুরুতেই গ্রেফতার করে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। অভিযোগ, তিনি দরিদ্র পরিবার, বিশেষত নাবালিকা মেয়েদের টার্গেট করে বড় আকারের ধর্মান্তর চক্র চালাচ্ছিলেন।
ছঙ্গুর বাবার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উত্তরপ্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) উল্লেখ করেছে, তিনি বিদেশি অর্থের সাহায্যে সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করেছিলেন।
তদন্তে উঠে এসেছে, ছঙ্গুর বাবা বিভিন্ন উপসাগরীয় দেশ এবং সম্ভবত পাকিস্তান থেকেও ৫০০ কোটি টাকার বেশি বিদেশি অনুদান পেয়েছিলেন।
এই অর্থনৈতিক দিকটি এখন খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এজেন্সির দাবি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ছঙ্গুর বাবার নামে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে, যার অনেকটাই সরকারি জমি দখল করে তৈরি।
ইডি আরও জানিয়েছে, মোট ২২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে ৬০ কোটিরও বেশি টাকা তছরুপের প্রমাণ মিলেছে। এছাড়া, মুম্বইয়ে ‘রণওয়াল গ্রীন্স’ নামে একটি বহুতল কমপ্লেক্সের সন্দেহজনক লেনদেন এবং পানামাভিত্তিক ‘লোগোস মেরিন’ নামক একটি সংস্থার সঙ্গে ছঙ্গুর বাবার যোগসূত্রেরও প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।