ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর-সহ গোটা উত্তর ২৪ পরগনায়। স্থানীয়দের একাংশ বলছেন, 'আমাদের অজান্তেই এই এলাকায় ধর্মান্তরের মতো চক্রান্তে লিপ্ত ছিল এরা! ভাবলেই গা শিউরে উঠছে।'

বাঁ দিকে ছঙ্গুর বাবা, ডানদিকে গ্রেফতার ২ ব্যক্তি
শেষ আপডেট: 18 July 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: জোর করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগে ব্যারাকপুরের মনিরামপুর এলাকা থেকে গ্রেফতার ছঙ্গুর বাবার দুই শাগরেদ। অভিযুক্তদের নাম শেখর রায় ওরফে হাসান আলি এবং রিক বণিক ওরফে মহম্মদ ইব্রাহিম। উত্তরপ্রদেশের আগ্রা পুলিশের একটি বিশেষ দল তিন দিন ধরে নজরদারি চালিয়ে শেষমেশ শুক্রবার তাদের পাকড়াও করে। এরপর ওই দিনই ব্যারাকপুর আদালতে তোলা হয় অভিযুক্তদের।
আদালত ৭২ ঘণ্টার মধ্যে তাদের ট্রানজিট রিমান্ডে আগ্রা নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী বিকাশ মিত্র। তিনি জানান, উত্তরপ্রদেশের আগ্রায় ছংগুর বাবা নামক এক ব্যক্তির নেতৃত্বে চলা এক ধর্মান্তর চক্রের তদন্তে নেমে এই দুই যুবকের নাম সামনে আসে।
ওই বাবাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তার পর থেকেই ওই দুই অভিযুক্ত আত্মগোপন করেছিল। ব্যারাকপুরে গা-ঢাকা দিয়ে ছিল তারা।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জোর করে হিন্দু পুরুষ ও মহিলাদের ভয় দেখিয়ে ইসলাম ধর্মগ্রহণ করার অভিযোগ রয়েছে। এমনকি, শারীরিক ও মানসিক নির্যাতনের কথাও রয়েছে এফআইআরে। তাদের লক্ষ্য ছিল, উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকা থেকে সহজ-সরল মানুষদের টার্গেট করে ধর্মান্তরের জন্য চাপ সৃষ্টি করা।
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে আগ্রা থানার পুলিশ। ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতের নির্দেশ মেনে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত দু’জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে উত্তরপ্রদেশ রওনা দিয়েছে পুলিশের একটি দল।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর-সহ গোটা উত্তর ২৪ পরগনায়। স্থানীয়দের একাংশ বলছেন, 'আমাদের অজান্তেই এই এলাকায় ধর্মান্তরের মতো চক্রান্তে লিপ্ত ছিল এরা! ভাবলেই গা শিউরে উঠছে।'
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এমন একাধিক ধর্মান্তরকরণ চক্রের হদিশ পায় পুলিশ। ছঙ্গুর বাবার চক্রটি সেই সবের অন্যতম বলেই মনে করছেন তদন্তকারীরা।