পিউ-এর হিসেব বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ২৮০ কোটিতে (২.৮ বিলিয়ন)। সেই সময়ে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারতই হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 July 2025 21:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েক দশকে বিশ্বব্যাপী জনসংখ্যায় ধর্মের নিরিখে বড় পরিবর্তন আসতে চলেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা 'পিউ রিসার্চ সেন্টার' (Pew Research Center) তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, ভারত ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে।
২০১০ থেকে ২০২০, এই এক দশকে বিশ্বে সব ধর্মের তুলনায় সবচেয়ে দ্রুত হারে বেড়েছে মুসলিম জনসংখ্যা (Muslim Population)। রিপোর্ট বলছে, এই সময়ের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা (Worldwide Muslim Population) ৩৪ কোটিরও বেশি বেড়েছে। যেখানে ২০১০ সালে মুসলিমরা ছিলেন বিশ্বের ২৩.৯ শতাংশ, ২০২০ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে। মূলত জন্মহার বেশি হওয়াই এই বৃদ্ধির মূল কারণ। ধর্মান্তরণের ক্ষেত্রেও কিছু প্রভাব রয়েছে, যদিও তা তুলনায় অনেকটাই কম।
পিউ-এর হিসেব বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ২৮০ কোটিতে (২.৮ বিলিয়ন)। সেই সময়ে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারতই হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ (India to become country with maximum muslim population)।
ভারতের প্রেক্ষিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৫৬ লক্ষ। ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ১৪.৩ শতাংশ ছিলেন মুসলিম, ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশে। এই বৃদ্ধির কারণও মূলত জন্মহার বেশি হওয়া।
অন্যদিকে, হিন্দু জনসংখ্যার ক্ষেত্রেও সামগ্রিক বৃদ্ধি দেখা গেলেও ভারতের ক্ষেত্রে তা অনেকটাই কম। ২০১০ সালে যেখানে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ ছিলেন হিন্দু, ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ১২ শতাংশ হারে বেড়ে ২০২০ সালে দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন, যা মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ।
অন্য ধর্মগুলির মধ্যে খ্রিস্টানদের সংখ্যা ২০১০ সালের ২.১৮ বিলিয়ন থেকে সামান্য বেড়ে হয়েছে ২.৩ বিলিয়ন। তবে বিশ্বের জনসংখ্যায় তাদের শতাংশের হিসেব কমেছে, ৩০.৬ শতাংশ থেকে নেমে হয়েছে ২৮.৮ শতাংশ।
উল্লেখযোগ্যভাবে, মুসলিমদের পর জনসংখ্যা বৃদ্ধির হারে দ্বিতীয় স্থানে রয়েছে নাস্তিক গোষ্ঠী (Religiously unaffiliated)। এই এক দশকে তাদের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ কোটি। বর্তমানে বিশ্বে প্রায় ২৪ শতাংশ মানুষ কোনও ধর্মেই বিশ্বাসী নন বলে দাবি পিউ-র।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়া এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এই জনসংখ্যাগত পরিবর্তন আগামী দিনে বিশ্বের ধর্মীয় ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।