যাত্রীদের একাংশের কথায়, বিমান টেক অফ হওয়ার কিছুক্ষণ আগেই পেছনের সারিতে বসা দু’জন যাত্রী এসি বন্ধ থাকার অভিযোগ তুলে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা চিৎকার করতে করতেই ককপিটের দিকে এগিয়ে যান।
_1.jpg.webp)
ভাইরাল ভিদিও
শেষ আপডেট: 15 July 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: বিমানে এসি বন্ধ থাকার অভিযোগ! আর তাতেই চরম অশান্তি দিল্লি-মুম্বই স্পাইসজেট বিমানে (Chaos On SpiceJet Plane)। এসি বন্ধ থাকায় বিমানের ভিতরে গরমে অস্বস্তি হচ্ছিল যাত্রীদের। সেইসময়েই দু'জন যাত্রী রেগে গিয়ে সোজা ককপিটে ঢোকার চেষ্টা করেন। তবে শেষপর্যন্ত সিআইএসএফ এসে তাঁদের নামিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
গত ১৪ জুলাই স্পাইসজেটের এসজি ৯২৮২ নম্বর বিমানটির দিল্লি থেকে মুম্বই (SpiceJet flight SG 9282 operating from Delhi to Mumbai) যাওয়ার জন্য দুপুর সাড়ে ১২টা নাগাদ রওনা হওয়ার কথা ছিল। তবে সেটি প্রায় ৭ ঘণ্টা দেরিতে সন্ধে ৭টা ২১ মিনিট নাগাদ টেক অফ করে এবং রাত ৯টার কিছু পর মুম্বই পৌঁছয়।
যাত্রীদের একাংশের কথায়, বিমান টেক অফ হওয়ার কিছুক্ষণ আগেই পেছনের সারিতে বসা দু’জন যাত্রী এসি বন্ধ থাকার অভিযোগ তুলে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা চিৎকার করতে করতেই ককপিটের দিকে এগিয়ে যান। কার্যত হুমকির সুরে বলেন, 'এসি চালাও, না হলে নামব না!'
সেইসময় এক যাত্রী কড়া ভাষায় বলেন, 'এইভাবে বিমান থামানো যায় না, এটা বেআইনি।' অন্য যাত্রীরা তাঁদের শান্ত করার চেষ্টা করলেও তাঁরা কিছুতেই বসতে রাজি হননি।
- On July 14, 2025, two unruly passengers attempted to forcefully approach the cockpit & caused a disruption while aircraft was taxiing, were offloaded from #SpicejetFlight SG 9282 operating from Delhi to Mumbai
Both subsequently handed over to CISF: @flyspicejet Spokesperson pic.twitter.com/Dt31MgT5lf— Ambarish Pandey (@pandeyambarish) July 15, 2025
কেবিন ক্রু এবং পাইলটের একাধিক অনুরোধ সত্ত্বেও ওই যাত্রীদের শান্ত করা যায়নি। অবশেষে নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে ফের টার্মিনালে ফিরিয়ে আনেন এবং ওই দু’জনকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁদের সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়।
স্পাইসজেটের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'ট্যাক্সির সময় ওই যাত্রীরা ককপিটে ঢোকার চেষ্টা করেন। তাঁরা বিমানকর্মীদের নির্দেশ অমান্য করেন। অন্য যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার জন্য তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে।'
গত কয়েক বছরে বিমানে ‘অশালীন আচরণ’ করে যাত্রীদের নজিরবিহীন কাণ্ড ঘটানোর ঘটনা বেশ কয়েকবার সামনে এসেছে। ২০২৩ সালে এক ভারতীয় নাগরিক নিউইয়র্ক থেকে দিল্লি আসার পথে মদ্যপ অবস্থায় সহযাত্রীর উপর প্রস্রাব করেন। এর আগেও ২০২২ সালে এক বৃদ্ধাকে উদ্দেশ্য করে একই ধরনের অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর বিরুদ্ধে।
ওয়াকিবহাল মহলের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে বেসামরিক বিমান পরিবহন দফতর বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। তবু পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, দিল্লি-মুম্বই স্পাইসজেট বিমানের এই সাম্প্রতিক ঘটনা তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।