নতুন রাফালগুলিতে থাকবে দূরপাল্লার এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, যা বর্তমান স্ক্যালপ মিসাইলের থেকেও উন্নত। ফরাসি সংস্থা ভারতে তৈরি করবে ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের আধুনিক কেন্দ্র।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 13 September 2025 08:22
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে এবার তৈরি হচ্ছে দেশের সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে এসে পৌঁছেছে ১১৪টি ‘মেড ইন ইন্ডিয়া’ রাফাল যুদ্ধবিমান (Rafale Jets) কেনার প্রস্তাব (Centre Receives Air Force Proposal)। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন-এর সঙ্গে যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক এয়ারোস্পেস সংস্থা। মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ কোটি টাকারও বেশি, যার মধ্যে ৬০ শতাংশই হবে দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ।
সূত্রের খবর, বায়ুসেনার জমা দেওয়া এই প্রস্তাব এখন প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন দফতরে খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই বিষয়টি যাবে ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড এবং পরে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল-এ। অনুমোদন মিললেই শুরু হবে ইতিহাস গড়ার পথে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা প্রকল্প (Made In India)।
এই ১১৪টি রাফাল যুক্ত হলে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর রাফাল সংখ্যা দাঁড়াবে ১৭৬-এ। এর আগে বায়ুসেনার বহরে ৩৬টি রাফাল যুক্ত হয়েছে, নৌবাহিনীও কিনেছে আরও ৩৬। পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক অপারেশন সিন্দূর-এ রাফালের সাফল্যই এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নতুন রাফালগুলিতে থাকবে দূরপাল্লার এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, যা বর্তমান স্ক্যালপ মিসাইলের থেকেও উন্নত। ফরাসি সংস্থা ভারতে তৈরি করবে ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের আধুনিক কেন্দ্র। ইতিমধ্যেই হায়দরাবাদে এম-৮৮ ইঞ্জিনের জন্য এমআরও ইউনিট স্থাপনের পরিকল্পনা শুরু হয়েছে। উৎপাদনে অংশ নেবে টাটা-সহ একাধিক ভারতীয় সংস্থা।
দেশের আকাশরক্ষায় দ্রুত নতুন ফাইটার জেট যুক্ত করার তাগিদ রয়েছে। আগামী দিনে ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হবে সু-৩০ এমকেআই, রাফাল এবং দেশীয় এলসিএ মার্ক ১এ। ইতিমধ্যেই ১৮০টি এলসিএ অর্ডার করা হয়েছে, ২০৩৫-এর পর আসবে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও। ওয়াকিবহাল মহলের মতে, এবারের চুক্তি কার্যকর হলে শুধু প্রতিরক্ষা শক্তিই নয়, ‘আত্মনির্ভর ভারত’-এর পথেও মাইলফলক ছুঁবে দেশ।