গত দুই বছর ধরে বিরোধীরা, বিশেষত রাহুল গান্ধী, বারবার মোদীকে মণিপুর সফরের দাবি জানালেও তিনি যাননি।

প্রধানমন্ত্রী মোদী।
শেষ আপডেট: 13 September 2025 07:48
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ভয়াবহ জাতিগত হিংসার পর প্রথমবার মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi , Manipur)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি পৌঁছচ্ছেন উত্তর-পূর্বের এই অশান্ত পার্বত্য রাজ্যে। প্রায় দুই শতাধিক প্রাণহানি, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ-গণধর্ষণের মতো ঘটনার রক্তাক্ত ইতিহাসের পর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন প্রায় ৭,৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূল অনুষ্ঠান দুপুর সাড়ে ১২টায় চূড়াচাঁদপুরে, যেখানে কুকি অধ্যুষিত অঞ্চলের ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি।
এদিন বিকেল আড়াইটায় রাজধানী ইম্ফলেও থাকছে মোদীর কর্মসূচি, সেখানে প্রায় ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দু’জায়গাতেই জনসভা করার কথা রয়েছে।
রাজ্যের মুখ্যসচিব পুনীতকুমার গোয়েল শুক্রবার জানান, “শান্তি ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য পার্বত্য ও উপত্যকার মানুষের ভূমিকা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর এই সফর শান্তির পথে নতুন দিশা খুলে দেবে।”
উল্লেখ্য, গত দুই বছর ধরে বিরোধীরা, বিশেষত রাহুল গান্ধী, বারবার মোদীকে মণিপুর সফরের দাবি জানালেও তিনি যাননি। এবার উন্নয়নকেন্দ্রিক সফরের পাশাপাশি ঘরছাড়াদের সঙ্গে আলাপচারিতা সফরকে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। এখন দেখার মণিপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা সামনে আনেন।