আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ইউসুফ কেবল জনপ্রতিনিধিই নন, একজন সেলিব্রেটিও। সমাজে তাঁর প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে। তাই তাঁরই উচিত ছিল আইন মেনে চলা। কিন্তু তিনি উল্টে বেআইনি কাজের উদাহরণ তৈরি করেছেন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 September 2025 07:28
দ্য ওয়াল ব্যুরো: জমি দখল মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)।
গুজরাত হাইকোর্ট (Gujrat High Court))স্পষ্ট জানিয়ে দিল, বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জমি বেআইনিভাবে (Illegal occupation) দখল করেছিলেন সাংসদ। ফলে অবিলম্বে জমি খালি করে দিতে হবে তাঁকে। প্রয়োজনে পুরসভা বুলডোজার নামিয়েই জমি উদ্ধার করতে পারবে।
তান্ডালজায় ইউসুফের বিশাল বাংলো সংলগ্ন সরকারি জমি নিয়ে এই বিতর্কের সূত্রপাত বহুদিনের। অভিযোগ, অনুমতি না নিয়েই ওই জমিতে আস্তাবল গড়েছিলেন পাঠান। প্রায় ৯৭৮ বর্গমিটার জমি ঘিরে ফেলে তা ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছিলেন তিনি।
যদিও ২০১২ সালে বাজারদরে পুরসভার ওই জমি কিনতে আবেদন করেছিলেন ইউসুফ। প্রতি বর্গমিটারে ৫৭ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও ছিল তাঁর তরফে। পুরবোর্ডে অনুমোদন মেলে, কিন্তু রাজ্য সরকার তাতে সিলমোহর দেয়নি। এরপরই তৎকালীন বিজেপি কাউন্সিলর বেআইনি দখলের অভিযোগ তোলেন।
গত বছর পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার পর ইউসুফকে নতুন করে নোটিস পাঠায় বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ইউসুফ হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু বিচারপতি মউনা এম ভট্টের আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অবৈধ দখল করেছেন সাংসদ। তাই কর্পোরেশনের তরফে নতুন করে নোটিস পাঠানোর প্রয়োজন নেই।
আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ইউসুফ কেবল জনপ্রতিনিধিই নন, একজন সেলিব্রেটিও। সমাজে তাঁর প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে। তাই তাঁরই উচিত ছিল আইন মেনে চলা। কিন্তু তিনি উল্টে বেআইনি কাজের উদাহরণ তৈরি করেছেন।