উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত ও জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই।

কুলদীপ সেঙ্গার (ফাইল ছবি)
শেষ আপডেট: 26 December 2025 22:47
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হাইকোর্টের রায়ে বড় ধাক্কা খেয়েও থামছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উন্নাও (Unnao) ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) যাবজ্জীবন সাজা স্থগিত ও জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে সিবিআই (CBI)। শুক্রবারই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লি হাইকোর্টের (Delhi High Court) ডিভিশন বেঞ্চের রায় খুঁটিয়ে দেখে দ্রুত বিশেষ অনুমতি আবেদন বা এসএলপি (Special Leave Petition) দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী সংস্থা।
২০১৭ সালের বহুচর্চিত উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের বিরুদ্ধে ট্রায়াল কোর্ট (Trial Court) ২০১৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেও, গত ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করে। আদালতের যুক্তি ছিল, সেঙ্গার ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস জেল খেটেছেন। সেই সিদ্ধান্তেই ক্ষুব্ধ সিবিআই।
শুধু সিবিআই নয়, এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আগেই সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের হয়েছে। আইনজীবী অঞ্জলে প্যাটেল (Anjale Patel) ও পূজা শিল্পকর (Pooja Shilpkar)-এর করা ওই আবেদনে স্পষ্ট দাবি করা হয়েছে, ট্রায়াল কোর্ট যেখানে বলেছিল অভিযুক্তকে স্বাভাবিক জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে, সেখানে হাইকোর্ট সেই পর্যবেক্ষণ উপেক্ষা করেছে। আবেদনকারীদের বক্তব্য, আইনের পাশাপাশি তথ্যপ্রমাণ বিচারেও গুরুতর ভুল হয়েছে।
সেখানেই আরও উল্লেখ করা হয়, কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে কেবল ধর্ষণ নয়, একের পর এক ভয়ংকর অপরাধে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত। তাঁর পেশিশক্তি, আর্থিক প্রভাব এবং অপরাধপ্রবণতার বিষয়টি আদালতের বিবেচনায় আসা উচিত ছিল। বিশেষ করে অভিযোগ, ধর্ষণের ঘটনায় মুখ বন্ধ করাতে বিচারাধীন অবস্থাতেই নির্যাতিতার বাবাকে হেফাজতে খুনের ছক কষেছিলেন সেঙ্গার, এই বিষয়টিও গুরুত্ব পায়নি বলে দাবি করা হয়েছে।
দিল্লি হাইকোর্ট অবশ্য জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছে। নির্দেশ অনুযায়ী, সেঙ্গারকে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ তিনজন জামিনদার দিতে হবে। তবে বাস্তবে তিনি এখনই জেল থেকে বেরোচ্ছেন না। কারণ, নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং সেই মামলায় এখনও জামিন পাননি।
কুলদীপ সিং সেঙ্গার নাবালিকা নির্যাতিতাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। সেই মামলার পাশাপাশি নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাও দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। সেঙ্গারের বিরুদ্ধে ওই মৃত্যুর মামলার সাজা স্থগিতের আবেদনও এখনও বিচারাধীন।
এদিকে, সিবিআইয়ের তরফে স্পষ্ট করা হয়েছে, এই ধরনের গুরুতর অপরাধে সাজা স্থগিত ও জামিন দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী। তাই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়াই একমাত্র পথ। শীর্ষ আদালত কী অবস্থান নেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।