২০১৭ সালের উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ বাতিল করল দিল্লি হাইকোর্ট।

কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ বাতিল করল দিল্লি হাইকোর্ট।
শেষ আপডেট: 23 December 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালের উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ বাতিল করল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না কুলদীপ। কুলদীপকে তাঁর পাসপোর্ট এবং ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, তাঁকে সমপরিমাণ অর্থের তিনজন জামিনদার পেশ করতে হবে।
উল্লেখ্য, চাকরি দেওয়ার নামে ডেকে এনে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশী সিংহের বিরুদ্ধে। কুলদীপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতেই মৃত্যু হয় নাবালিকার বাবার।
আদালত এদিন বলেছে, অভিযুক্ত নির্যাতিতার পাঁচ কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না এবং তাঁকে দিল্লিতেই থাকতে হবে। অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দিতে পারবেন না, প্রাক্তন বিধায়কের পাসপোর্ট বিচারাধীন আদালতে জমা দিতে হবে, প্রতি সোমবার থানায় হাজিরা দিতে হবে এবং কোনও শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল করা হবে। নির্যাতিতা ও তার মায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রাক্তন বিধায়ককেই।