১৯৯৯ সালের অক্টোবর মাসে, কর্মক্ষেত্রের ভেতরে ঘটা এক খুনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সিবিআই
শেষ আপডেট: 16 August 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের খুনের ঘটনার পর ২৬ বছর পেরিয়ে গিয়েছে। অবশেষে ধরা পড়ল উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা দিলশাদ খান। নতুন পরিচয়ে দীর্ঘদিন বিদেশে ঘোরাফেরা করার পর, ১১ অগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করল সিবিআই।
১৯৯৯ সালে রিয়াধে ভারী যান্ত্রিক চালক ও সিকিউরিটি গার্ডের কাজ করছিল দিলশাদ। সেই বছর অক্টোবর মাসে, কর্মক্ষেত্রের ভেতরে ঘটা এক খুনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সিবিআই জানিয়েছে, “অভিযুক্ত মহম্মদ দিলশাদ রিয়াধের তার কর্মক্ষেত্রের ভেতর এক ব্যক্তিকে খুন করে।”
তার ওপর এই অভিযোগ ওঠার পরই সে ভারতে পালিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে অধরা ছিল, তার কোনঅরকম খোঁজ পাওয়া যায়নি। ২০২২ সালের এপ্রিল মাস নাগাদ সৌদি আরবের বিশেষ আবেদনে সিবিআই এই মামলা রেজিস্টার করে তদন্ত শুরু করে।
প্রথমে সিবিআই বিজনৌরে দিলশাদের গ্রামে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তার নামে লুক আউট সার্কুলার (LOC) জারি করা হয়। প্রসঙ্গত, এই সার্কুলার জারি হলে অভিযুক্তের ভ্রমণে কড়াকড়ি বসে। তারপরই বিমানবন্দরে তাকে আটক করা হয়।
ভুয়ো পরিচয়ে বিদেশ ভ্রমণের অভিযোগও উঠেছে দিলশাদের বিরুদ্ধে। সিবিআই তদন্তে উঠে আসে, দিলশাদ ভুয়ো পরিচয় ও জাল পাসপোর্ট ব্যবহার করে কাতার, কুয়েত এবং সৌদি আরবে যাতায়াত করছিল। পরে তার নতুন পাসপোর্টের হদিস মেলায় দ্বিতীয়বারের জন্য LOC জারি করে সিবিআই।
অবশেষে, ১১ আগস্ট দিল্লি বিমানবন্দরে মদিনার উদ্দেশ্যে জেদ্দা হয়ে রওনা হওয়ার সময় দিলশাদ ধরা পড়ে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে।