ফিরহাদের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে সারা রাজ্যে গর্জন উঠেছে। সেই গর্জনকে চাপা দিতেই বিরোধীরা আরজি করের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ডাক্তারি ছাত্রীর উপর নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের (RG KarCase) এক বছর পার হলেও ন্যায়বিচারের প্রশ্নে বিতর্ক থামেনি। এবার সিবিআই তদন্ত নিয়ে (CBI's role) সরব হলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর সাফ বক্তব্য, “যদি কলকাতা পুলিশ তদন্ত করত (Kolkata Police Investigation), তাহলে ফাঁসির সাজা হত (Death Sentence)।”
ফিরহাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম থেকেই এই মামলায় দোষীর শাস্তি চেয়েছেন। কলকাতা পুলিশও সঠিক পথে তদন্ত করেছিল। ঘটনার পরই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতারও করে। অথচ একদল কোর্টে চলে গেল। কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল।
ফিরহাদের কথায়, “সিবিআই তদন্ত করেছে, চার্জশিট জমা দিয়েছে, সাজা ঘোষণাও হয়েছে। কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নই।”
মন্ত্রী অভিযোগ করেন, বিরোধীরা এই ঘটনার সুযোগ নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তাঁর কথায়, “যারা কোর্টে গিয়ে ফাঁসি আটকানোর চেষ্টা করেছিল, তারাই আজ নবান্ন অভিযানে নেমেছে।” তাঁর মতে, এই আন্দোলনের আসল উদ্দেশ্য রাজ্যের মা-মাটি-মানুষের সরকারকে বদনাম করা।
ফিরহাদের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে সারা রাজ্যে গর্জন উঠেছে। সেই গর্জনকে চাপা দিতেই বিরোধীরা আরজি করের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।
মন্ত্রী আরও বলেন, “মুখ্যমন্ত্রী বারবার ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের দাবি-দাওয়া শোনার চেষ্টা করেছেন। তবুও আন্দোলন চালানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে।” তাঁর কটাক্ষ, “যারা কোর্টকে ব্যবহার করে ফাঁসি আটকায়, তারা আজ ন্যায়ের দোহাই দিয়ে রাস্তায় নেমেছে—এটাই বিরোধীদের দ্বিচারিতা।”