পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দু’জনেই আর্থিক ভাবে দুর্বল পরিবারের সন্তান। এই পরিস্থিতিতে দ্রুত টাকা জোগাড় করার আশায় তারা চুরির পরিকল্পনা করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 December 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: একজন ১৮ বছর বয়সি এক গ্রাফিক ডিজাইনার (graphic designer) এবং অন্য জন তার বান্ধবী, সে ডাক্তার হওয়ার লক্ষ্যে (aspirant doctor) নিটের (NEET) প্রস্তুতি নিচ্ছে। মোটামুটি উজ্জ্বল ভবিষ্যৎ বলা যায়। কিন্তু জীবনের মোড় ঘুরে গেল অন্যদিকে। তাঁদের সঙ্গে একসূত্রে মিলে গেল বলিউড সিনেমা ‘বান্টি অউর বাবলি’ (Bunty Aur Babli)।
বলিউডের জনপ্রিয় সেই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় ১৬ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগে গ্রেফতার হল ওই দুই কিশোর-কিশোরী (Bunty Aur Babli inspired jewellery theft arrested)। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই কিশোর-কিশোরী ২২ ডিসেম্বর রাতে ইন্দোরের (Indore) রাও থানার এলাকায় একটি গয়নার দোকান থেকে সোনা, রুপো ও হীরে মিলিয়ে মোট ১৬.১৭ লক্ষ টাকার গয়না চুরি করে। ঘটনার পর তারা ভোপালে পালিয়ে যায়। পরে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত গয়না।
এই মামলার তদন্তকারী আধিকারিক তথা ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) শ্রীকৃষ্ণ লালচন্দানি জানান, তদন্তের স্বার্থে আপাতত ধৃতদের নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, “দু’জনেরই বয়স ১৮ বছর। যুবকটি একজন গ্রাফিক ডিজাইনার এবং মেয়েটি ডাক্তার হওয়ার জন্য নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ছোটবেলা থেকেই একে অপরকে চেনে তারা।”
জেরায় ধৃত যুবক পুলিশকে জানিয়েছে, তিনি একটি আইটি সংস্থায় পার্ট-টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। কিন্তু সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার শুরু করার পর তার চাকরি চলে যায়। এরপর থেকেই আর্থিক সমস্যায় পড়ে সে নিজের খরচ চালাতে হিমশিম খাচ্ছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দু’জনেই আর্থিক ভাবে দুর্বল পরিবারের সন্তান। এই পরিস্থিতিতে দ্রুত টাকা জোগাড় করার আশায় তারা চুরির পরিকল্পনা করে। জেরায় ধৃতরা স্বীকার করেছে, ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অউর বাবলি’ ছবিটি দেখেই এই চুরির ছক কষে তারা।
ডিসিপি লালচন্দানি জানান, “ধৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা গয়না বিক্রি করার চেষ্টা করেছিল তারা। কিন্তু সম্ভাব্য ক্রেতারা তাদের বয়স কম ভেবে সঠিক দাম দিতে চাইছিল না। তাই তারা ঠিক করেছিল, ক্রিসমাসের ছুটির পর গয়না বিক্রি করবে।”
তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় এই ‘রিল লাইফে অনুপ্রাণিত রিয়েল লাইফ’ চুরির গল্পের নেপথ্যের দুই অভিযুক্ত।