সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, গত রাতেই খবর পাওয়া যায়। খুনের মামলা রুজু হয়েছে।

মৃত আনিস
শেষ আপডেট: 10 August 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: ঋণ ফেরতের কথা জানাতে গিয়ে প্রাণ গেল উত্তরপ্রদেশের সম্ভলের এক যুবকের। অভিযোগ, প্রতিবেশী এক দম্পতি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে স্ক্রু ড্রাইভার, প্লায়ার্সের মতো যন্ত্র দিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়ে খুন করেছেন তাঁকে। মৃতের নাম আনিস (৩৫)। ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আনিসের পরিবার জানিয়েছে, বহু বছর আগে ভুর নামে এক ব্যক্তিকে ৭ লক্ষ টাকা ধার দিয়েছিলেন আনিস। সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল তাঁর। তাই সেই টাকার প্রয়োজন ছিল। যা চাইতে ভুরের বাড়িতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়, হাত-পা ভেঙে দেওয়া হয়, পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং তারপর চলে আরও নির্যাতন।
আনিসের বাবা মুস্তাকিমের অভিযোগ, 'আমার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। ওর হাত-পা ভেঙে দিয়েছে, কাপড় ছিঁড়ে দিয়েছে। যে ভাবে খুন করেছে, তা বলে বোঝানো যাবে না।'
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আনিস কোনওভাবে ভুরের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যায়। কিন্তু পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।
সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, গত রাতেই খবর পাওয়া যায়। খুনের মামলা রুজু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরেকটি সম্ভাব্য কারণও খতিয়ে দেখছে। এক আধিকারিকের দাবি, আনিস হয়তো রাতে ভুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তা জানতে পেরেই ভুরে আক্রমণ চালান।
ভুরে ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।