ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। নিহতের নাম শাহনওয়াজ (২৮)। হরিয়ানার বাসিন্দা শাহনওয়াজ পেশায় একজন কাঠের মিস্ত্রি ছিলেন।

মৃত শাহনওয়াজ
শেষ আপডেট: 8 August 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে বাইকে চাপিয়ে শালার বিয়েতে যাচ্ছিলেন এক যুবক। পথে আচমকা হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারধর করে, একাধিকবার ছুরি দিয়ে কোপ মেরে শেষে গুলি করে হত্যা করল চার দুষ্কৃতী। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই খুনের ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন ওই যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক, যে কিনা আবার নিহতের নিজের ভাই।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। নিহতের নাম শাহনওয়াজ (২৮)। হরিয়ানার বাসিন্দা শাহনওয়াজ পেশায় একজন কাঠের মিস্ত্রি ছিলেন। পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে স্ত্রী মাইফরিনকে সঙ্গে নিয়ে শালার বিয়েতে যাচ্ছিলেন। বাইক চালিয়ে যাওয়ার পথে আচমকাই দুটি বাইকে করে চার দুষ্কৃতী এসে তাঁদের রাস্তা আটকায়।
এরপরই শুরু হয় হামলা। লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর শাহনওয়াজকে ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয়। শেষে একজন দুষ্কৃতী বন্দুক বার করে বুকে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, নিহতের হাতে, বুকে ও গলায় গভীর ছুরির ক্ষত ছিল।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রথমে শাহনওয়াজের পরিবার মনে করেছিল, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। কারণ শাহনওয়াজের বাইক ও ১.৫ লক্ষ টাকার নোটের মালা ঘটনাস্থল থেকে উধাও ছিল। কিন্তু পরে বাইকটি কাছাকাছি এলাকা থেকেই উদ্ধার হয়। তখনই ছিনতাইয়ের সম্ভাবনা উড়িয়ে দেয় পুলিশ।
এরপর তদন্তে চাঞ্চল্যকর মোড় নেয় গোটা ঘটনা। পুলিশ জানায়, স্ত্রী মাইফরিন ও তাঁর প্রেমিক তথা নিহতের খুড়তুতো ভাই তাসাব্বর মিলে পরিকল্পনা করে শাহনওয়াজকে খুন করেছে। কারণ, তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহনওয়াজ। জানা গিয়েছে, তিনি তাঁর স্ত্রীর ও তাসাব্বরের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন এবং আটকানোর চেষ্টা করছিলেন। তখনই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় ওই যুগল। তিন দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ করে সাজানো হয় খুনের ছক।
তাসাব্বর ও আরও একজন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। যদিও এখনও পলাতক মাইফরিন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।