আমদাবাদের একাধিক স্কুলে ‘ভারতকে খলিস্তান বানানো’ এবং বিস্ফোরণের হুমকি দিয়ে বোমা মেল পাঠানো হয়েছে। দিল্লির সাম্প্রতিক হুমকি ই-মেলের সঙ্গে মিল পাওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 February 2026 12:59
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পর এবার আতঙ্কে আমদাবাদ (Ahmedabad)। সোমবার সকালে শহরের বেশ কয়েকটি স্কুলে পৌঁছয় বোমা-হুমকির ই-মেল (Bomb Threat Mail)। মেল ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। স্কুলগুলিতে দ্রুত পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। চলছে ঘনঘন তল্লাশি। পাশাপাশি ভাদোদরার কয়েকটি স্কুলেও একই ধরনের হুমকি মেল এসেছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, হুমকির ই-মেলে সরাসরি লেখা ছিল,‘ভারতকে খলিস্তান বানিয়ে দেওয়া হবে।’ কিছু স্কুলে ই-মেলটি এসেছে পাঞ্জাবিতে। তাতে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আমদাবাদজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি অপরাধ দমন শাখার দলও তল্লাশিতে নেমেছে।
আমদাবাদ জেলার শিক্ষা আধিকারিক বলেন, ‘একাধিক স্কুলে বোমা-হুমকির ই-মেল এসেছে। ই-মেলে স্পষ্ট লেখা ইন্ডিয়াকে খলিস্তান বানিয়ে দেব’।’ পরিস্থিতি সামাল দিতে শহরের প্রায় সব স্কুলেই চলছে ক্লাসরুম ও প্রাঙ্গণ খতিয়ে দেখা।
দিল্লিতে ঠিক এক সপ্তাহ আগেই এসেছিল একই ধরনের হুমকি
মাত্র কয়েক দিন আগেই অন্তত সাতটি স্কুলে বোমা-হুমকির ই-মেল পৌঁছেছিল দেশের রাজধানীতে। সেই ই-মেলেও একই দাবি করা হয়েছিল। এমনকী, নির্দিষ্ট সময় উল্লেখ করে বিস্ফোরণের হুমকিও ছিল। তদন্তে পরে জানা যায়, ই-মেলটি ছিল ‘হোক্স’, অর্থাৎ ভুয়ো।
যে সাতটি স্কুলে সেই হুমকি গিয়েছিল সেগুলি হল, দিল্লি তামিল এডুকেশন অ্যাসোসিয়েশন (পুসা রোড), কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya Gole Market), হ্যাপি পাবলিক স্কুল (দরিয়াগঞ্জ), রাবেয়া পাবলিক স্কুল (বল্লিমরন), সিএল ভল্লা ডিএভি স্কুল (ঝানডেওয়ালান), সর্দার পটেল বিদ্যালয় (লোধি এস্টেট) এবং ব্রিটিশ স্কুল (চাণক্যপুরী)। ই-মেলে এমনকি সংসদ ভবনের (Parliament) ভিতরে বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ ছিল।
মোহালিতেও এক সপ্তাহ আগে আতঙ্ক
গত সপ্তাহেই মোহালি (Mohali)-র ১৬টি স্কুলে বোমা-হুমকির ই-মেল এসেছিল। তখনও চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় ৩০০ পুলিশকর্মী তল্লাশিতে নামেন। শেষে দেখা যায় সেটিও ভুয়ো মেল। পরে পঞ্জাব পুলিশ জানায়—ঘটনার উৎস খুঁজতে সাইবার সেলে পাঠানো হয়েছে মামলা, এফআইআর দায়েরের প্রস্তুতিও চলছে।
তদন্ত জোরদার
ক্রমাগত তিন রাজ্যে—দিল্লি, পাঞ্জাব, গুজরাত—এই ধরনের হুমকি ই-মেল আসায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের। কোথা থেকে পাঠানো হচ্ছে মেল, কারা জড়িত—তা জানতে ইতিমধ্যেই সাইবার তদন্তে জোর দিয়েছে পুলিশ।
এদিকে আমদাবাদের অভিভাবকদের মনে আতঙ্ক থাকলেও, স্কুলপ্রশাসন জানিয়েছে—পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।