বিমানের শৌচাগারে লিপস্টিক দিয়ে একটি বার্তা লেখা দেখে বিমানে বোমা থাকার আশঙ্কা করা হয়েছিল। ঠিক কী লেখা ছিল, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে বিষয়টি জানতেই নিরাপত্তা জোরদার করা হয়।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
শেষ আপডেট: 14 February 2026 22:55
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে শনিবার দিনভর আতঙ্ক-উদ্বেগের পরিবেশ বজায় রইল। সকালে শিলংগামী একটি বিমানে বোমা থাকার ভুয়ো হুমকিতে আতঙ্ক ছড়িয়েছিল। তার কয়েকঘণ্টার মধ্যেই কলকাতাগামী ইন্ডিগো (Dibrugarh-Kolkata flight) বিমানের শৌচালয়ে মিলল বোমা থাকার হুমকি বার্তা (Fresh Bomb Scare)। এই ঘটনায় নড়েচড়ে বসল নিরাপত্তা বিভাগ।
শনিবার সন্ধ্যায় ইন্ডিগো ফ্লাইট 6E 6894 নিরাপদে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর নির্ধারিত প্রোটোকল মেনে বিমানটিকে সরানো হয় আইসোলেশন বেতে। বিমান সংস্থা জানায়, সব যাত্রীকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।
তদন্তকারীদের দাবি, বিমানের শৌচালয়ে (aircraft toilet) লিপস্টিক দিয়ে একটি বার্তা লেখা দেখে বিমানে বোমা থাকার আশঙ্কা করা হয়েছিল। ঠিক কী লেখা ছিল, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে বিষয়টি জানতেই নিরাপত্তা জোরদার করা হয়।
এদিন সকালেই শিলংগামী ইন্ডিগো ফ্লাইট 6E 7304-এ পাওয়া গিয়েছিল (Shillong-bound IndiGo flight) একটি হাতের লেখা নোট, যেখানে বোমা থাকার (bomb threat) দাবি করা হয়েছিল। সেই বিমানের যাত্রীরা প্রায় চার ঘণ্টা আটকে ছিলেন। বিমানটিকে সরিয়ে নিয়ে গিয়ে তল্লাশিও চালানো হয়। পরে নিরাপত্তা সংস্থাগুলি নিশ্চিত করে হুমকিটি আসলে ভুয়ো। এরপর দুপুর দেড়টা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এএআই–এর (Airports Authority of India) এক মুখপাত্র জানান, সকালে ঘটনাটি ধরা পড়ে টেক-অফের মাত্র ১৫ মিনিট আগে। টয়লেট পরিষ্কার করতে গিয়ে এক ক্রু সদস্য সেই বার্তা দেখতে পান। এরপরই যাত্রীদের নামিয়ে এনে সম্পূর্ণ তল্লাশির কাজ করা হয়।
ডিব্রুগড়-কলকাতা ফ্লাইটেও একই নিয়মে পুরো বিমান খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়। সব নিরাপত্তা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার পর বিমানটিকে ‘অপারেশনের জন্য নিরাপদ’ বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।
একই দিনে দু'বার বোমাতঙ্কে নাজেহাল যাত্রী ও বিমানবন্দর প্রশাসন। ঘটনার জেরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। আতঙ্ক ছড়ালেও দু’টি ঘটনাতেই যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ—এটাই বড় স্বস্তি।