নিরাপত্তার স্বার্থে আবাসন কর্তৃপক্ষ আপাতত তাদের কম্পাউন্ডের ভিতরে ব্লিঙ্কিট-এর সমস্ত ডেলিভারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শেষ আপডেট: 26 January 2026 18:23
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) একটি আবাসনে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ, ব্লিঙ্কিট (Blinkit)-এর কয়েকজন ডেলিভারি এজেন্ট এবং তাদের সহযোগীরা মিলেই এই হামলা চালিয়েছে (Blinkit delivery agents attack Hyderabad)। শনিবার সন্ধ্যায় কুকাটপল্লির একটি আবাসনে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা আধিকারিকদের দাবি, দিনের শুরুতেই এক ব্লিঙ্কিট ডেলিভারি কর্মীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়। জানা গিয়েছে, ওই ডেলিভারি এজেন্টের কাছে প্রবেশের অনুমতি না থাকায় গেটেই তাঁকে আটকে দেন ডিউটিরত নিরাপত্তারক্ষী। এই নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত ডেলিভারি মিটিয়ে ওই কর্মী সেখান থেকে চলে যান।
কিন্তু এখানেই শেষ নয়। সন্ধ্যায় ফের সেই একই ডেলিভারি ট্রাক একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে কমপ্লেক্সে ফিরে আসে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা মূল গেটের কাছে নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হয় এবং আচমকাই হামলা চালায় (Hyderabad gated community assault)। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একাধিক নিরাপত্তারক্ষীকে বারবার ঘুষি ও লাথি মারা হচ্ছে।
এই হামলায় অন্তত দুই জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার প্রয়োজন হয়েছে বলে জানিয়েছেন আবাসনের বাসিন্দারা।
ঘটনার পর ওই আবাসনের ম্যানেজমেন্ট কুকাটপল্লি থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং প্রমাণস্বরূপ পুলিশের হাতে সিসিটিভি ফুটেজও তুলে দেয়। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।
পুলিশ সূত্রে খবর, ভিডিওতে যাবতীয় তথ্যপ্রমাণ থাকায় হামলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডেলিভারি কর্মী ও তার সহযোগীদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই হামলা - সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে আবাসন কর্তৃপক্ষ আপাতত তাদের কম্পাউন্ডের ভিতরে ব্লিঙ্কিট-এর সমস্ত ডেলিভারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানানো হয়েছে।