খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের লখনউ। ভেঙে গেল বাড়ি। মৃত ২, আহত ৫।
গুদাম্বা এলাকার বেহতায় একটি বাড়িতে চলছিল আতশবাজি বানানো। সেখানেই এদিন বিস্ফোরণ হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, বাড়িটির ছাদ বিস্ফোরণে ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন কয়েকজন।
গুদাম্বা থানার সহকারী পুলিশ কমিশনার অনিন্দ্য বিক্রম সিংহ জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা। দমকল, অ্যাম্বুল্যান্স এবং স্থানীয় থানার পুলিশ একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষজনকে টেনে বের করতে আপ্রাণ চেষ্টা চলছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন লখনউয়ের জেলাশাসক বিশাখ জি এবং শীর্ষ পুলিশ আধিকারিকেরা। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। বলেন,‘আমাদের প্রথম কাজ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। তার পর ঘটনার তদন্তে নেমে দেখা হবে, কী ভাবে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এর জন্য দায়ী।'
খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।