সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাঁধে পশ্চিমবঙ্গে ভোট করানোর দায়িত্ব দেন।

ভূপেন্দ্র যাদবকে সাহায্য করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি নেতা বিপ্লব দেব।
শেষ আপডেট: 25 September 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির মধ্যেই রাজ্যে ভোট পরিচালনায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তুলে দিল বিজেপি। বৃহস্পতিবার দলীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাঁধে পশ্চিমবঙ্গে ভোট করানোর দায়িত্ব দেন। আগামী বছর, ২০২৬ সালে এ রাজ্যে বিধানসভা ভোট হবে। ইলেকশন ইন-চার্জ ভূপেন্দ্র যাদবকে এই কাজে সাহায্য করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি নেতা বিপ্লব দেব।
এদিন একইসঙ্গে বিহার ও তামিলনাড়ুতেও বিধানসভা ভোটের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব তুলে দেওয়া হয়। বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আসন্ন নভেম্বরে গুরুত্বপূর্ণ এই রাজ্যের ভোট হবে বিজেপির কাছে একটা অ্যাসিড টেস্ট। ধর্মেন্দ্রকে সাহায্য করবেন অপর কেন্দ্রীয় মন্ত্রী সিআই পাটিল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তামিলনাড়ুতে দায়িত্ব থাকবেন বিজয়ন্ত পান্ডা। তাঁর সহকারী হিসেবে থাকবেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহোল।
উল্লেখ্য, প্রধান ও যাদবের পকেটে বেশ কয়েকটি রাজ্যে দলকে জেতানোর কৃতিত্বের মেডেল রয়েছে। ২০২৪ সালে ভূপেন্দ্র যাদব মহারাষ্ট্রে বিজেপির প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন। হরিয়ানায় ধর্মেন্দ্র প্রধান ও বিপ্লব দেব মিলে ভোটের দায়িত্ব সামলেছিলেন। যাদব ও প্রধান দুজনেই প্রচার ও বক্তৃতার আমূল বিষয় বদল করে নতুন ধাঁচে ফেলেছিলেন দলীয় কর্মীদের।
যাদব এর আগেও বিহার, মধ্যপ্রদেশ ও ওড়িশায় ভোটের দেখভাল করেছেন। অন্যদিকে, প্রধান উত্তরপ্রদেশ ও কর্নাটকে দায়িত্ব সামলেছেন এবং পান্ডা ২০২৪ সালে দিল্লি ভোটে বিজেপির প্রচার নেতৃত্ব দিয়েছেন।