বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শনিবার ২০ জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোট শান্তিপূর্ণ করতে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন ও প্রশাসন।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 November 2025 08:08
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হল মঙ্গলবার (Bihar Election Second Phase)। এই দফায় ২০টি জেলায় মোট ১২২টি আসনে ভোট হচ্ছে। মোট ১,৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম দফার ভোট হয় ৬ নভেম্বর, যেখানে ৬৫ শতাংশ ভোটদানের হার ছিল। ২০০২ সালের পর ভোটগানের নিরিখে রেকর্ড। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রায় ৩.৭ কোটি ভোটার রাজ্যের ৪৫,৩৯৯টি বুথে ভোট দেবেন। ভোটগণনা হবে আগামী ১৪ নভেম্বর।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে এই ১২২ আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছিল ৬৬টি, মহাগঠবন্ধন ৪৯টি, এআইএমআইএম ৫টি, বিএসপি ১টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসন জিতেছিলেন। এনডিএ-র মূল শরিক বিজেপি, জেডিইউ, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার), এলজেপি (রামবিলাস) এবং আরও কয়েকটি দল এবারও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি, বামদল এবং বিকাশশীল ইনসান পার্টিকে নিয়ে গঠিত মহাগঠবন্ধন ক্ষমতা ফিরে পেতে মরিয়া।
সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়তি নিরাপত্তা
সীমান্তবর্তী জেলাগুলিতে অতিরিক্ত সতর্কতা হিসেবে বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নেপাল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ২০ জেলার এই ভোটপর্বে প্রায় ১,৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০০ কোম্পানি বিহার স্পেশাল আর্মড ফোর্স এবং প্রায় ৪.৫ লক্ষ পুলিশ ও সরকারি কর্মী মোতায়েন রয়েছে। এ ছাড়াও এটিএস, এসটিএফ এবং কুইক রেসপন্স টিমগুলিও সক্রিয় থাকবে।
সীমান্ত সুরক্ষায় সাহসত্র সীমানা বল (SSB)-এর ২১০ কোম্পানি মোতায়েন রয়েছে এবং আরও ২৩ কোম্পানি ভোট-পরবর্তী ইভিএম নিরাপত্তা রক্ষায় থাকবে বলে জানা যাচ্ছে। মডেল কোড চালু হওয়ার পর থেকে এসএসবি বাজেয়াপ্ত করেছে প্রায় ৭.৩৪ কোটি টাকার মাদক, নগদ, রুপো ও অন্যান্য মূল্যবান দ্রব্য।
এই দফার মূল লড়াই এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে হলেও আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম, প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি (JSB) ও BSP-র উপস্থিতিতে লড়াই বহুমুখী হয়েছে।
এই দফায় বিজেপি ৫৩টি, জেডিইউ ৪৪টি, এলজেপি (আরভি) ১৫টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে মহাগঠবন্ধনের মধ্যে আরজেডি ৭১টি, কংগ্রেস ৩৭টি, ভিআইপি ৮টি, সিপিআই(এমএল) ৬টি, সিপিআই ৪টি এবং সিপিএম ১টি আসনে লড়ছে। মোট ৩.৭ কোটি ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১.৯৫ কোটি, মহিলা ভোটার ১.৭৫ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯৪৩ জন।
প্রার্থীদের মধ্যে ৪৩ শতাংশই উচ্চবিত্ত শ্রেণির, মোট ৫৬২ জন প্রার্থীর সম্পত্তি এক কোটি টাকার বেশি। সর্বাধিক সম্পত্তির মালিক ভিআইপি প্রার্থী রণকৌশল প্রতাপ সিং (লৌরিয়া)- ৩৬৮ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন।
দ্বিতীয় দফার এই ভোটই নির্ধারণ করবে বিহারের ক্ষমতার সমীকরণ, যা ১৪ নভেম্বরের ফলাফলেই স্পষ্ট হবে।