বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই যাত্রীর আচরণ অন্য যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করেছিল। সময় মতো ব্যবস্থা না নিলে দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলেও স্বীকার করেছেন বিমানের কর্মীরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 June 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: উড়ান ছাড়ার মুখে তীব্র উত্তেজনা! বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) আটক এক মহিলা যাত্রী। কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি বিমান 'ক্র্যাশ' করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু আচমকা কেন এমন আচরণ করলেন ওই মহিলা?
বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যে যাত্রীকে আটক করা হয়েছে তিনি একজন চিকিৎসক (Doctor)। ব্যাগ রাখা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়েছিল তাঁর সঙ্গে। সেই নিয়ে তর্কাতর্কির মধ্যেই ‘বিমান ভেঙে দেওয়ার’ হুমকি দেন ওই যাত্রী! এরপর সঙ্গে সঙ্গে ৩৬ বছর বয়সি ওই মহিলা চিকিৎসককে নামিয়ে আনা হয় বিমান থেকে। পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX2749 (Air India Express) সুরাটের উদ্দেশে রওনা দিত কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ওই ফ্লাইটেই যাত্রী ছিলেন বেঙ্গালুরুর শিবনাহাল্লির বাসিন্দা চিকিৎসক ব্যাস হিরাল মোহনভাই। সূত্রের খবর, বিমানে ওঠার পরে প্রথম সারির আসনের কাছে নিজের ব্যাগ রেখে চলে যান ২০এফ নম্বর সিটে। কেবিন ক্রুরা বিষয়টি নিয়ে আপত্তি তুললে তিনি কোনও সহযোগিতা না করে উলটে দাবি জানান, তাঁর সিটে ব্যাগটি পৌঁছে দেওয়ার জন্য। ক্রুরা নিয়ম মেনে ব্যাগ নিজে রাখতে বললেও তিনি বারবার দুর্ব্যবহার করতে শুরু করেন বলে অভিযোগ।
সেই সময় তাঁকে শান্ত করার চেষ্টা করেন বিমানের অন্য যাত্রীরাও। কিন্তু তাতেও পাত্তা না দিয়ে মহিলা চিকিৎসক চেঁচিয়ে বলেন —“এই বিমান আমি ভেঙে দেব!” বিষয়টি সম্পর্কে পাইলটকে অবগত করা হলে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিআইএসএফ এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের খবর দেন। তাঁরা এসে অভিযুক্ত চিকিৎসককে বিমান থেকে নামিয়ে আনেন এবং পুলিশের হাতে তুলে দেন।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই যাত্রীর আচরণ অন্য যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করেছিল। সময় মতো ব্যবস্থা না নিলে দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলেও স্বীকার করেছেন বিমানের কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪), ৩৫৩(১)(বি) এবং বেসামরিক বিমান পরিবহণ আইনের ৩(১)(এ) ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে।