৩২ বছর বয়সি ক্লাইভের মরদেহ বৃহস্পতিবার সকালে আমদাবাদ (Ahmedabad) থেকে মুম্বই (Mumbai) আনা হয়। দু'ঘণ্টার জন্য দেহটি রাখা হয় তাঁর গোরেগাঁওয়ের বাড়িতে, যাতে প্রিয়জনেরা শেষ বিদায় জানাতে পারেন।

শেষ যাত্রায় ক্লাইভ কুন্দর
শেষ আপডেট: 19 June 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রয়াত কো পাইলট ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরের (Co-Pilot Clive Kunder) কফিনবন্দি তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমের কুন্দার পরিবারের বাড়ি থেকে ভেসে আসছিল ট্রাম্পেট ও ঢোলের আওয়াজ। ক্লাইভকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে আসতে শুরু করেন আত্মীয়, প্রতিবেশী, বন্ধু-সহ বিভিন্ন ঘনিষ্ঠরা।
৩২ বছর বয়সি ক্লাইভের মরদেহ বৃহস্পতিবার সকালে আমদাবাদ (Ahmedabad) থেকে মুম্বই (Mumbai) আনা হয়। দু'ঘণ্টার জন্য দেহটি রাখা হয় তাঁর গোরেগাঁওয়ের বাড়িতে, যাতে প্রিয়জনেরা শেষ বিদায় জানাতে পারেন। সাদা-লাল ফুলে সাজানো কফিন ঘিরে নীরবতা আর স্তব্ধ প্রার্থনায় বিদায়ের ছবি যেন আরও মর্মান্তিক হয়ে উঠছিল।
ক্লাইভের বাবা, মা, বোন নিঃশব্দে বসে ছিলেন কফিনের পাশে। এক কোণে জ্বলছিল মোমবাতি, পাশে রাখা ছিল পাইলট পোশাক পরা ক্লাইভের ছবি। শেষ যাত্রায় ভিড় জমেছিল প্রচুর। কফিনের ঠিক পিছনেই ছিল তাঁর বাবা-মা।
এক বন্ধু কাঁদতে কাঁদতে বলেন, "ও ছিল অসম্ভব অ্যামবিশিয়াস, সবসময় হাসিখুশি, বিনয়ী, কখনও অহংকার দেখিনি। এখনও বিশ্বাস করতে পারছি না যে ও নেই।" আরও এক বন্ধু পেশায় চিকিৎসক জানান, "আমি প্রথমে শুনি দুর্ঘটনায় মেডিক্যাল হেল্প দরকার হতে পারে। পরে বুঝি, ক্লাইভ ওই ফ্লাইটেই ছিলেন। ওর বোনের সঙ্গে কথা বলি, তখনও যেন অবিশ্বাস্য লাগছিল।"
২০১২ সালে পাইলট হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ক্লাইভ। ২০১৭-এ তিনি যোগ দেন এয়ার ইন্ডিয়ায়। ১১০০ ঘণ্টারও বেশি ফ্লাইট চালিয়েছেন তিনি, ক্যাপ্টেন হওয়ার জন্য আর বাকি ছিল মাত্র ৪০০ ঘণ্টা। সহকর্মীদের মতে, ক্লাইভ ছিলেন বিনম্র, ঠান্ডা মাথার। ১২ জুনের দুর্ঘটনায়, ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের সঙ্গে সহকারী পাইলট হিসেবে ছিলেন তিনিই।
উল্লেখ্য, গত মঙ্গলবার ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেন। ড্রিমলাইনার বিমান ওড়ানোর ক্ষেত্রে তাঁর দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহকর্মীদের কাছে তাঁকে একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।