ইউরোপে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আহমেদ রাজা হাসান মেহেদি।
শেষ আপডেট: 19 February 2026 11:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে এক হিন্দু পুলিশকর্তাকে খুনের অভিযোগে পলাতক এক ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। ইউরোপে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আহমেদ রাজা হাসান মেহেদি। সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। ২০২৪ সালের ৫ অগস্ট সাব ইন্সপেক্টর (Sub-Inspector) সন্তোষ চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদি। ওই দিন দেশজুড়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পটপরিবর্তনের সূচনা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলার সময় সন্তোষ চৌধুরী নিহত হন। পরে তাঁর ঝুলন্ত মরদেহ একটি গাছ থেকে উদ্ধার করা হয়। ৫ অগস্টই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। সেদিন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের একাধিক ঘটনা ঘটে। সূত্রের দাবি, একটি ভাইরাল ভিডিওতে আহমেদ রাজা হাসান মেহেদিকে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, হিংসাত্মক বিক্ষোভ শুরুর এক বছরেরও কম সময় আগে সন্তোষ চৌধুরীর বিয়ে হয়েছিল। বানিয়াচং থানায় হামলার তিন মাস পর তাঁর স্ত্রীর কোলজুড়ে একটি পুত্রসন্তানের জন্ম হয়। তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র ছেলে। ঘটনার দিন শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা অন্যত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি মিছিল সংগঠিত করেন। মিছিলটি থানার দিকে অগ্রসর হলে পুলিশ গুলি চালায়, এতে ছয়জন নিহত হন বলে জানা যায়। ক্ষুব্ধ জনতা থানাটি ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। ভেতরে কয়েকজন পুলিশ সদস্য আটকা পড়েন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্তোষ চৌধুরীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় এবং পরে আগুনে পুড়িয়ে মারা হয়।