ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির। জেলা প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে।
.jpeg.webp)
মৃত শিশুর দেহ ব্যাগে ভরে সরাসরি জেলাশাসকের দফতরে হাজির বাবা
শেষ আপডেট: 23 August 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: প্রসবের সময় টাকার অঙ্ক বাড়ানোর অভিযোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক বাবা। তাঁর নবজাতক সন্তান প্রসবের সময় মারা (New Born Baby Death) যায়। মৃত শিশুর দেহ ব্যাগে ভরে সরাসরি জেলাশাসকের (ডিএম) দফতরে হাজির হন ওই ব্যক্তি। ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির। জেলা প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে।
মৃত শিশুর বাবা বিপিন গুপ্তের অভিযোগ, ১০ হাজার টাকা বলে ভর্তি নিলেও প্রসবের সময় বাড়তে থাকে খরচের অঙ্ক। সিজারিয়ানের জন্য প্রথমে ১২ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ বাড়াতে থাকে টাকার অঙ্ক। বিপিনের অভিযোগ, রাত আড়াইটা নাগাদ তিনি কিছু টাকা জোগাড় করে দেন। কিন্তু তাতেও দমেনি হাসপাতাল। বরং আরও টাকা দাবি করে এবং টাকা না দিলে অপারেশন হবে না বলে জানিয়ে দেয়।
বিপিন বলেন, “আমি বারবার অনুরোধ করি অন্তত প্রসবটা শুরু করতে, বাকিটা পরে দেব। কিন্তু তারা একেবারে অস্বীকার করে। শেষ পর্যন্ত আমার সন্তান মারা যায়।” অভিযোগ আরও গুরুতর— সন্তানের মৃত্যু হলে হাসপাতাল তাঁর স্ত্রীকে রাস্তায় ফেলে দেয়। পরে তিনি স্ত্রীর চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান।
শিশুর দেহ ব্যাগে নিয়ে বিপিন পৌঁছে যান জেলা শাসকের কাছে। ডিএমের সঙ্গে গিয়ে সরাসরি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তিনি। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোল্ডার হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। ভর্তি রোগীদের জেলা মহিলা হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিএম এক্স হ্যান্ডেলে লেখেন, “নবজাতকের মৃত্যুর ঘটনায় গোল্ডার হাসপাতাল সিল করা হয়েছে। আক্রান্ত পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন।” এ ছাড়া সৃজন হাসপাতাল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা শাসক একে রাস্তোগি। প্রসূতি মহিলার চিকিৎসা যাতে সঠিক ভাবে হয়, সে বিষয়ে নির্দেশ দেন তিনি।