স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই যুগলকে উদ্ধার করে জাজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

নির্যাতিতা ও তাঁর সঙ্গী
শেষ আপডেট: 10 July 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা। তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে বিকৃত করে দিলেন এক ব্যক্তি। বুধবার ওড়িশার জাজপুর জেলার মালাহাট গ্রামে ঘটনাটি হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত যুগল। অভিযুক্ত এখনও পলাতক, খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অভিযুক্ত মনোজ কুমার মহান্তির বাড়ি জারাডা গ্রামে। তাঁর স্ত্রী বছর খানেক আগেই মনোজকে ছেড়ে প্রশান্ত নাথ নামের এক যুবকের সঙ্গে থাকতে শুরু করেন। সেনিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল মনোজ ও তাঁর পরিবারের সঙ্গে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মনোজের পরিবারের তরফে মহিলা ও প্রশান্তকে বোঝাপড়ার জন্য দেখা করতে ডাকা হয়। মালাহাটের কাছে সাতিপুর ব্রিজের কাছে তাঁদের দেখা করতে বলা হয়। সেখানে পৌঁছনোর পরই ঘটে হামলা।
নির্যাতিতা পুলিশকে জানান, 'আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে প্রায়ই মারধর করত, গালিগালাজ করত। আমি অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে এই মানুষটার (প্রশান্ত) সঙ্গে পালিয়ে যাই। ওরা বলেছিল বোঝাপড়ার জন্য ডেকেছে। কিন্তু সেখানে গিয়ে দেখি, আমার দেওর ও শ্বশুরবাড়ির এক আত্মীয় রয়েছে। ওরা আমাদের বেঁধে ফেলে। তারপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খালের পাড়ে ফেলে দিয়ে পালায়।'
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই যুগলকে উদ্ধার করে জাজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। মহিলার গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে, আর প্রশান্তের যৌনাঙ্গ গুরুতরভাবে জখম।
ঘটনার পর মনোজ কুমার মহান্তির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাকে কেন্দ্র করে মালাহাট গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এমন ভয়ঙ্কর ও পৈশাচিক হামলা আগে কখনও দেখা যায়নি। পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ করা হবে।