হরিশ ও পদ্মজার দুই সন্তানই খুব ছোট। মায়ের মৃত্যুর পর তাদের কে দেখবে, সেনিয়ে দুশ্চিন্তায় আত্মীয়রা।

শেষ আপডেট: 9 July 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: সামান্য কথা কাটাকাটি থেকে খুন। অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে শ্বাসরোধ করলেন এক ব্যক্তি। ঘটনা বেঙ্গালুরুর। দুই সন্তানের সামনেই তথ্য-প্রযুক্তি সংস্থার এক কর্মী স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ।
হরিশ কুমার ও পদ্মজা বেঙ্গালুরুর বোম্মনাহল্লি এলাকায় বসবাস করছেন বেশ কয়েক বছর ধরে। উভয়ই ইঞ্জিনিয়রিং পাশ করে কর্পোরেট সংস্থায় কাজ করতেন। তাঁদের দুই সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে কোনও পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় হরিশ ও পদ্মজার মধ্যে।
প্রতিবেশীরা জানাচ্ছে, কোনও বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল তাঁদের মধ্যে। সেদিন রাতে তর্কাতর্কি চরমে ওঠে। সেই সময় হরিশ প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। তারপর পদ্মজাকে মাটিতে ফেলে গলা পা দিয়ে চেপে ধরেন। দীর্ঘক্ষণ এভাবে চেপে ধরে রাখায় শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।
পরে আশপাশের বাসিন্দারা পুলিশে খবর দেন। বোম্মনাহল্লি থানার আধিকারিকরা পৌঁছে পদ্মজার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। হরিশকে গ্রেফতার করা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পদ্মজার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। কী কারণে এমন ভয়ঙ্কর কাণ্ড করলেন, তা জানার চেষ্টা চলছে।
এদিকে, হরিশ ও পদ্মজার দুই সন্তানই খুব ছোট। মায়ের মৃত্যুর পর তাদের কে দেখবে, সেনিয়ে দুশ্চিন্তায় আত্মীয়রা।