সোমবার মস্কোর শহরতলিতে নিজের গাড়ির ভিতর থেকে রোমান স্টারোভোয়েটের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। রাশিয়ান একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, পদত্যাগের ঘোষণার পর স্টারোভোয়েট নিজেকে গুলি করে শেষ করেন।

ভ্লাদিমির পুতিন এবং রোমান স্টারোভোয়েট
শেষ আপডেট: 7 July 2025 21:59
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার (Russia) প্রাক্তন পরিবহণমন্ত্রীর রহস্যমৃত্যু! গাড়ির ভিতর থেকে উদ্ধার দেহ। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই তাঁকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তারপরই তাঁর মৃত্যুর ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তিনি কি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট নয়। যদিও ক্রেমলিন বলছে অবসাদে আত্মঘাতীই হয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।
সোমবার মস্কোর শহরতলিতে নিজের গাড়ির ভিতর থেকে রোমান স্টারোভোয়েটের (Roman Starovoyt) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। রাশিয়ান একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, পদত্যাগের ঘোষণার পর স্টারোভোয়েট নিজেকে গুলি করে শেষ করেন। ইতিমধ্যে এই মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রুশ সেনাকে রসদ সরবরাহে গাফিলতির অভিযোগ উঠেছিল স্টারোভোয়েটের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে এই অভিযোগ সামনে আসার পরই তাঁকে বরখাস্ত করেন পুতিন। আর তার কয়েক ঘণ্টার মধ্যে এল স্টারোভোয়েটের মৃত্যুর খবর। এই ঘটনার পিছনে গভীর রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছিল কিনা, সে বিষয় নিয়ে তো চর্চা শুরুই হয়েছে। তবে ক্রেমলিন কোনও বিতর্কে ঢুকতে রাজি নয়।
রুশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে পরিবহণ মন্ত্রকের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে স্টারোভোয়েটের ঘটনাটি ঘিরে রাশিয়ার প্রশাসনিক মহলে শোক ও চাঞ্চল্য বর্তমান। কারণ রুশ তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।