প্রেমিকার স্বামী ছিল পথের কাঁটা। তাকে সরাতে খুনের পরিকল্পনা। খুনের সময় অন কলে প্রেমিকার সঙ্গে কথাও হয় বলে অভিযোগ!

শেষ আপডেট: 8 July 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রেমিকার স্বামী ছিল পথের কাঁটা। তাকে সরাতে খুনের পরিকল্পনা। খুনের সময় অন কলে প্রেমিকার সঙ্গে কথাও হয় বলে অভিযোগ! গোঘাটে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চাঞ্চল্যকর খুনের ঘটনার কিনারা করল পুলিশ।
গত ৬ জুলাই গোঘাটের রঘুবাটী গ্রাম পঞ্চায়েতের রাজগ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে একটি পচা গলা দেহ উদ্ধার হয়। পরে জানা যায় দেহটি গ্রামের বাসিন্দা বরুণ দাসের। ৩ তারিখ থেকে বরুণ নিখোঁজ ছিল বলে পরিবার অভিযোগ করেছিল। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে।
দুই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার গোঘাট থানায় সাংবাদিক সম্মেলন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হন বরুণ দাস ওরফে পচা। গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে বরুণের স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক তন্ময় দাসকে গোঘাটের লয়লা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতের তোলা হয় অভিযুক্তদের।
গত ৬ ই জুলাই সাতসকালে স্থানীয় একটি পুকুর পাড়ের জঙ্গলে পচা গলা দেহ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়।তখনই স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়দের অনুমান ছিল, বরুণ দাসকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা।
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘‘বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুনের ঘটনা। তদন্তে জানা গেছে মৃত বরুণের স্ত্রীর প্রেমিক তন্ময় দাস বরুণ দাসকে বাড়ির কাছেই পুকুর পারে শ্বাসরোধ করে খুন করে। যখন খুন করা হয় তখনও তন্ময় মিতার সঙ্গে ফোনে কথা বলছিল।