তারক হেমব্রম বিতর্কের মাঝেই ম্যাচ বাতিলের সিদ্ধান্তে ফের সমস্যায় জড়াল আইএফএ।

ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 8 July 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতা ফুটবল লিগ ২০২৫-এর (CFL 2025)। গতকাল (সোমবার) মোহনবাগান-রেলওয়ে এফিস ম্যাচে তারক হেমব্রমের চোট পাওয়া ও তাঁর পায়ে দুটো ছাতা দিয়ে ব্যান্ডেজ করার ঘটনায় অনেক বিতর্ক হয়েছে। আর আজ প্রবল বৃষ্টির (Rain) কারণে ভেস্তেই গেল ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচ।
লাল-হলুদের এদিনের ম্যাচ ছিল বারাকপুরে বিএসএসের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই আইএফএ-র (IFA) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, খারাপ আবহাওয়ার কারণে স্থগিত রাখা হচ্ছে সেই ম্যাচ। তারক হেমব্রম বিতর্কের মাঝেই ম্যাচ বাতিলের সিদ্ধান্তে ফের সমস্যায় জড়াল আইএফএ।
এদিকে জানা গিয়েছে, তারক হেমব্রম ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
প্রথম ম্যাচে সাত গোলে জিতেছিল বিনো জর্জের ইস্টবেঙ্গল। এরপর গত ম্যাচে তারা আটকে যায় সুরুচি সংঘের কাছে ১-১ গোলে। আজকের ম্যাচে জয়ের সরণিতে ফিরতে চেয়েছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল। তবে আইএফএ জানিয়েছে, ম্যাচটি পরে আয়োজন করা হবে।