প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের স্মৃতিকথামূলক বই 'Mother Mary Comes To Me'-র প্রচ্ছদে তাঁর হাতে জ্বলন্ত বিড়ি থাকা ছবি নিয়ে আপত্তির আর্জি গ্রহণ করতেই অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে, লেখিকা অরুন্ধতী রায় একটি বিড়িপান করছেন।
শেষ আপডেট: 5 December 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের স্মৃতিকথামূলক বই 'Mother Mary Comes To Me'-র প্রচ্ছদে তাঁর হাতে জ্বলন্ত বিড়ি থাকা ছবি নিয়ে আপত্তির আর্জি গ্রহণ করতেই অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বইয়ের প্রচ্ছদের উপর লেখিকার বিড়ি খাওয়ার ছবিতে আপত্তি তুলে আনা একটি আর্জি গ্রহণ না করে খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগের কেরালা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আর্জি জমা পড়েছিল সর্বোচ্চ আদালতে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আর্জিটি শোনে। এক আইনজীবীর আনা আবেদন কেরালা হাইকোর্ট খারিজ করে দিয়ে বলেছিল, গ্রন্থের প্রকাশক প্রচ্ছদের পিছনে স্বীকারোক্তি লিখে দিয়েছেন যে, মূল প্রচ্ছদের ছবিটি তামাক ব্যবহারের পক্ষে সিলমোহর দিচ্ছে না। তামাক সেবন নিয়ে কোনও প্রচার এই ছবির উদ্দেশ্য নয়।
আবেদনকারীর পক্ষের আইনজীবীর যুক্তি প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে, লেখিকা অরুন্ধতী রায় একটি বিড়িপান করছেন। যেখানে বিধিবদ্ধ সতর্কীকরণ যেমন- ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিংবা তামাক ক্যানসারের কারণ এগুলি লেখা নেই। তাঁর আরও যুক্তি, এটাও ছবিতে এটাও পরিষ্কার নয় যে, এটা তামাকের বিড়ি নাকি এতে গাঁজা রয়েছে।
প্রধান বিচারপতি সোজাসুজি যুক্তি গ্রহণ করতে অস্বীকার করে উল্লেখ করেন, অরুন্ধতী রায় হলেন একজন প্রসিদ্ধ লেখিকা। তাঁর সাহিত্যকর্মও ধূমপানকে সমর্থন করে লেখা নয়। প্রচারমূলকও নয়। এই ধরনের আবেদন কেবলমাত্র আবেদনকারীর জনপ্রিয়তা অর্জনের জন্য কিনা জানতে চান প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, এটা এমন ঘটনাও নয় যে, এই বইয়ের প্রচ্ছদটি শহরে বড় বড় হোর্ডিং করে প্রচার করা হয়েছে। যাঁরা শুধুমাত্র ভাল সাহিত্য পাঠক, তাঁরা এই বইটি কিনবেন এই ছবিটির জন্য নয়। লেখিকার প্রতি তাঁদের অনুরক্তি এবং বইয়ের বিষয়ের কথা মাথায় রেখে, বলেছে বেঞ্চ।
আইনজীবী আরও বলেন, বিধিবদ্ধ সতর্কীকরণটি খুব ছোট করে লেখা, যাতে কারও নজরে না পড়ে। তার জবাবে প্রধান বিচারপতি বলেন, বইটি ধূমপান বা সিগারেটের বিজ্ঞাপন নয় যে, তামাক বিরোধী আইনে নির্দিষ্ট মাপের করে লিখতে হবে। আদালত নির্দেশে বলেছে, এই বইটি তামাকজাতীয় পণ্যের বিধি ভঙ্গ করেনি। ফলে এই আবেদনটি গ্রহণের কোনও যৌক্তিকতা মিলছে না। সুতরাং আমরা এটি খারিজ করে দিচ্ছি।