বারামতীর লিয়ারজেট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় ডিজিসিএ-র সেফটি অডিটে একাধিক গাফিলতির অভিযোগ। বাকি বিমান উড়ানেও নিষেধাজ্ঞা।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 25 February 2026 09:01
দ্য ওয়াল ব্যুরো: গত ২৮ জানুয়ারি মহারাষ্ট্র-এর বারামতী এলাকায় ‘ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড’ পরিচালিত একটি লিয়ারজেট বিমান ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় (Plane Crash) মৃত্যু হয় তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ (Ajit Pawar) মোট পাঁচ জনের। এই ভয়াবহ ঘটনা আদৌ নিছক দুর্ঘটনা কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র সাম্প্রতিক ‘স্পেশাল সেফটি অডিট’-এ উঠে এসেছে একাধিক গুরুতর গাফিলতির অভিযোগ।
তদন্তকারীদের বক্তব্য, বিমানটির এয়ারওর্দিনেস বা উড্ডয়নের উপযুক্ততা, সামগ্রিক বিমান নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্থাটির বড়সড় ত্রুটি ছিল। এই সব দিক খতিয়ে দেখে তদন্তকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এর জেরেই মঙ্গলবার ভিএসআর ভেঞ্চার্সের হাতে থাকা বাকি চারটি লিয়ারজেট বিমান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। জানানো হয়েছে, যতদিন না সমস্ত নিরাপত্তা বিধি এবং নিয়ম সঠিকভাবে মেনে চলা হচ্ছে, ততদিন ওই বিমানগুলি উড়তে পারবে না। পাশাপাশি, কেন এই ধরনের গাফিলতি হয়েছে এবং কেন নিয়ম মানা হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে সংস্থার কাছে।
এই তদন্তের তথ্য সামনে আসার আগেই দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অজিত পাওয়ারের ভাইপো তথা এনসিপি (এসপি) নেতা রোহিত পাওয়ার। তাঁর দাবি, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং এর পিছনে রাজনৈতিক বা বাণিজ্যিক ষড়যন্ত্র থাকতে পারে। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিমানে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক থাকা এবং পাইলটের অতীতে মদ্যপানের অভিযোগে সাসপেন্ড হওয়ার ঘটনা সন্দেহের জন্ম দিচ্ছে।
শুধু তাই নয়, গোটা তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন রোহিত। তাঁর অভিযোগ, ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে শাসকদলের কিছু নেতার যোগ থাকতে পারে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আবেদন জানিয়ে এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে চিঠি দিয়েছেন তিনি।
আগামী ২৭ ফেব্রুয়ারি এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার কথা। সেই রিপোর্ট সামনে এলে এই রহস্যজনক বিমান দুর্ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।