উড়ান শুরু করার মুহূর্তেই ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ব্রেক কষে থামালেন বিমান।

শেষ আপডেট: 21 July 2025 23:18
দ্য ওয়াল ব্যুরো: পাইলটের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। উড়ান শুরু করার মুহূর্তেই ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ব্রেক কষে থামালেন বিমান।
১৬০ জন যাত্রী নিয়ে দিল্লি-কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথে টেক-অফ বাতিল করল যান্ত্রিক সমস্যার কারণে। জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানে টেক-অফ রোল শুরু হওয়ার সময়ই ত্রুটির ইঙ্গিত মেলে।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার AI2403 ফ্লাইটে। নিয়মমাফিক সুরক্ষা পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে ফ্লাইটটি থামিয়ে দেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, ককপিট ক্রু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের (SOP) অধীনে সিদ্ধান্ত নিয়ে টেক-অফ বন্ধ করেন।
সংস্থাটি আশ্বস্ত করেছে, ফ্লাইটের সমস্ত যাত্রী নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
মাত্র এক মাস আগেই আমদাবাদে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইট ভেঙে পড়ায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তার মধ্যে ২৪১ জন ছিলেন উড়ানে, বাকি ১৯ জন মাটিতে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
একই দিনে আরও একটি ঘটনা ঘটেছে। কোচি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI2744 ফ্লাইট সোমবার ছোঁয়ার পরই রানওয়ে থেকে ছিটকে যায় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, প্রবল বৃষ্টির মধ্যেই অবতরণের চেষ্টা চলছিল, তখনই ‘রানওয়ে এক্সকারশন’-এর ঘটনা ঘটে।