বাংলাদেশে সোমবার বিমানবাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে সেটি চিনের তৈরি।

শেষ আপডেট: 21 July 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সোমবার বিমানবাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে সেটি চিনের তৈরি। এফ-৭ বিমানটি কবে কেনা হয়েছিল তা জানা যায়নি। তবে দুর্ঘটনাপ্রবণ হওয়ায় বহু দেশ বিমানটি বাতিল করেছে।
বাংলাদেশেও বহুবার এই বিমান যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ে। গত কুড়ি বছরে অন্তত কুড়িজন পাইলট নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ
এদিকে, প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম। দুই আসনের ফাইটার বিমানটির অপর পাইলট কে ছিলেন? তাঁর দেহ গেল কোথায়? জানা যাচ্ছে, দ্বিতীয় পাইলট ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার। তিনিও মারা গিয়েছেন। সেনাবাহিনী দুর্ঘটনা স্থল থেকে দ্রুত তাঁর দেহ সরিয়ে ফেলেছে। ইউনুস সরকারের সময়ে পাকিস্তানি সেনা অফিসারদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে। দু দেশের সেনার যৌথ মহড়াও বেড়ে গিয়েছে।
একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, ১৯৬০ থেকে '৯০, এই তিন দশক এফ-৭ সিরিজের বহু বিমান বিশ্বের অনেক দেশে বিক্রি করেছে চিনের নির্মাতা সংস্থা চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। চিনে বিমানটি জি-৭ নামে ব্যবহার করা হয়। রপ্তানি করা হয় এফ-৭ নামে।