অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমদাবাদে যেখানে বিমান ভেঙে পড়েছিল সেই ঘটনাস্থলের মূল উদ্ধার কাজ, প্রমাণ সংগ্রহ এবং তথ্য নথিবদ্ধকরণ শেষ হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 June 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: নিয়মভঙ্গের অভিযোগ! এয়ার ইন্ডিয়ার (Air India) তিন শীর্ষ কর্তাকে বরখাস্তের নির্দেশ দিল ডিজিসিএ (ডিরেক্টেরেট জেনারেল অব সিভিল এভিয়েশন) (DGCA)। গত ১২ জুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash) ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এই নির্দেশ দিন ডিজিসিএ।
যে তিনজন শীর্ষ কর্তাকে চাকরি থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁদের বিরুদ্ধে মূলত নিরাপত্তায় গাফিলতি করার অভিযোগ উঠেছে। ডিজিসিএ-র বক্তব্য, “ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে মারাত্মক গাফিলতি রয়েছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে।” যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন - চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিংকি মিত্তল (চিফ ম্যানেজার, অপারেশনস—ক্রু শিডিউলিং), এবং পায়েল অরোরা (ক্রু প্ল্যানিং)।
ডিজিসিএ নির্দেশ দিয়েছে, অবিলম্বে ওই তিনজনকে সমস্ত ক্রু শিডিউলিং ও রোস্টার সংক্রান্ত দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি, অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে এবং ১০ দিনের মধ্যে সেই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও নির্দেশে বলা হয়েছে, ওই আধিকারিকদের আপাতত কোনও অপারেশনাল বা বিমানের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব দেওয়া যাবে না।
ইতিমধ্যে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমদাবাদে যেখানে বিমান ভেঙে পড়েছিল সেই ঘটনাস্থলের মূল উদ্ধার কাজ, প্রমাণ সংগ্রহ এবং তথ্য নথিবদ্ধকরণ শেষ হয়েছে। এখন তদন্ত রয়েছে বিশ্লেষণ পর্যায়ে। যে নথি বা তথ্য উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখেই দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করার চেষ্টা হবে।