একটি ভিডিও পোস্ট বলছে, বিশ্বাসকুমার নাকি সেদিন ওই ফ্লাইটে চড়েননি। মিথ্যা বলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ একটি কাগজ উড়িয়ে দিল এই তথ্য।

শেষ আপডেট: 20 June 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আমদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া এআই-১৭১ (AI-171) বিমান দুর্ঘটনায় ২৭০ জনের মৃত্যু হয়। সেই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর এক ভুয়ো খবর। সংবেদনশীল এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে, ৩৮ হাজারেরও বেশি লাইক পায়।
কী বলছে ভাইরাল ওই ভিডিও?
একজন ইনস্টাগ্রাম ইউজার ১৮ জুন একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ভয়েসওভারে দাবি করা হয় যে, মিথ্যা বলার অভিযোগে বিশ্বাসকুমার রমেশকে তাঁর বাড়ি গ্রেফতার করা হয়েছে। তিনি নাকি সেদিন ওই ফ্লাইটে চড়েননি।
আসল সত্য কী?
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (Press Trust of India -PTI)-এর ফ্যাক্ট চেক ডেস্ক এই ভাইরাল ভিডিওর তদন্তে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে।
আমদাবাদ সিটি পুলিশ সেক্টর ২-এর অ্যাডিশনাল কমিশনার নিশ্চিত করে জানিয়েছেন, ‘বিশ্বাস কুমার রমেশের বিরুদ্ধে এরকম কোনও মামলা নেই এবং তাঁকে গ্রেফতারও করা হয়নি।’
বিশ্বাস কুমার রমেশ সেদিন বিমানেই ছিলেন। তাঁর বোর্ডিং পাসের ছবি দুর্ঘটনার পরই সামনে এসেছে, যেখানে নাম এবং সিট নম্বর স্পষ্ট -AI 171, Seat 11A।

তিনি ব্রিটিশ নাগরিক, ভাইয়ের সঙ্গে ভারত থেকে লন্ডন ফিরছিলেন। দুর্ঘটনায় বেঁচে গিয়ে আমদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ১৮ জুন নিজের ভাই অজয় রমেশ-এর শেষকৃত্যে অংশ নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করে এসেছেন।

এমনকী সেদিনের ফ্লাইট বোর্ড করার পর আপডেটেড লিস্টেও তাঁর নাম পাওয়া গেছে।যা দেখে প্রমাণিত হয়েছে যে, তিন ই সেদিন ওই প্লেনে চড়েছিলেন। কিন্তু ভাগ্যের জোরে দুর্ঘটনার পর বেঁচে যান।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি বহু অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। তবে সরকারি কোনও সোর্স, যেমন গুজরাত পুলিশ, আমদাবাদ পুলিশ বা ডিজিপি গুজরাত- কোথাও এই ধরনের কোনও খবর নেই।