অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। জরুরি টারবাইন সক্রিয় হলেও নিরাপদে অবতরণ করে বিমান।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 October 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর-বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি। শনিবার, ৪ অক্টোবর বার্মিংহাম বিমানবন্দরে নামার ঠিক আগে হঠাৎই সক্রিয় হয়ে যায় বিমানের জরুরি টারবাইন ব্যবস্থা বা র্যাম এয়ার টারবাইন (RAT)। তবে শেষ পর্যন্ত যাত্রীদের কোনও অসুবিধা হয়নি, নিরাপদেই অবতরণ করে বিমান।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, AI117 ফ্লাইটের ক্রু RAT সক্রিয় হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। এই টারবাইন সাধারণত ডুয়াল ইঞ্জিন ফেইল বা মূল বিদ্যুৎ ও হাইড্রলিক সিস্টেম একসঙ্গে ব্যর্থ হলে সক্রিয় হয়। কিন্তু সেই সময় বিমানের সব সিস্টেম ঠিকঠাক কাজ করছিল। ফলে আতঙ্ক না ছড়িয়ে, পাইলটরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিকভাবেই অবতরণ করান বিমানটিকে।
অবতরণের পর সেটিকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং টিম বিস্তারিত পরিদর্শন শুরু করেছে। কেন RAT হঠাৎ সক্রিয় হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানটি সবরকম নিরাপত্তা পরীক্ষায় পাশ না করা পর্যন্ত ফের পরিষেবায় নামবে না।
এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে বার্মিংহাম থেকে দিল্লিগামী ফিরতি উড়ান AI114। তবে বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ফ্লাইটে তাঁদের জায়গা দেওয়া হবে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, 'যাত্রী নিরাপত্তা কোনও মুহূর্তেই ক্ষুণ্ণ হয়নি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য বিস্তারিত টেকনিক্যাল পর্যালোচনা করা হচ্ছে।'
জানা গেছে, র্যাম এয়ার টারবাইন আসলে একটি ছোট ভাঁজ করা যায় এমন উইন্ডমিলের মতো যন্ত্র। জরুরি পরিস্থিতিতে এটি খোলে এবং বিদ্যুৎ বা হাইড্রলিক সিস্টেম ব্যর্থ হলে বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখতে ন্যূনতম বিদ্যুৎ সরবরাহ করে।