কয়েক দিন আগেই জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ 'অপারেশন সিঁদুর' নিয়ে ভিন্ন দাবি করেছিলেন। এদিন তারই পাল্টা জবাব দিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান।

এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং
শেষ আপডেট: 3 October 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) নিয়ে ফের মুখ খুলল ভারতীয় বায়ুসেনা (IAF)। আর নিশানা করল পড়শি দেশকে। ফের একবার দাবি করা হয়েছে, পাকিস্তান সমানে মিথ্যাচার করে চলেছে।
শুক্রবার এয়ার ফোর্স ডে-র অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (Air Chief Marshal Amar Preet Singh) জানালেন, গত মে মাসে চলা ওই অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান (F-16 এবং JF-17) ধ্বংস করেছে ভারতীয় বাহিনী (Indian Army)। যদিও পাকিস্তানের দাবি যে, তারা নাকি ১৫টি ভারতীয় বিমান ধ্বংস করেছে। এই বিষয়টিকে একেবারে ঠাট্টার ছলে উড়িয়ে দেন তিনি। এয়ার চিফ বলেন, “ওরা যদি ভাবে আমাদের ১৫টি বিমান নামিয়েছে, তাহলে পরের বার যুদ্ধ হলে আমাদের ১৫টি বিমান কম ধরে নিলেই হবে।”
কয়েক দিন আগেই জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) 'অপারেশন সিঁদুর' নিয়ে ভিন্ন দাবি করেছিলেন। এদিন তারই পাল্টা জবাব দিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান (IAF Chief)। তাঁর কথায়, পাকিস্তানের সব দাবি “মনগড়া কাহিনি” ছাড়া আর কিছু নয়।
উল্লেখ্য, পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Attack) পর ৭ মে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান শুরু করেছিল। পাকিস্তান অধিকৃত অঞ্চলে জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়। চার দিন ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলার পর ১০ মে পরিস্থিতি শান্ত হয়।
এয়ার চিফ মার্শাল এও দাবি করেন, ‘‘অপারেশন সিঁদুর ইতিহাসে স্থান পাবে। শল্যচিকিৎসার মতো নিখুঁত আঘাত, ন্যূনতম ক্ষয়ক্ষতি— সব মিলিয়ে এটি ছিল ১৯৭১-এর পর প্রথম প্রকাশ্যে আসা সর্ববৃহৎ অভিযান। এক রাতেই পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল।’’
বায়ুসেনা প্রধানের দাবি, এই অভিযানে সবচেয়ে বড় ভূমিকা নেয় দীর্ঘ পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। ‘‘সবচেয়ে দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছিল ৩০০ কিমিরও বেশি গভীরে। তিনি জানান, "আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই পরিস্থিতি পাল্টে দেয়।" কোন অস্ত্রব্যবস্থা ব্যবহার হয়েছিল, তা খোলসা না করলেও অনুমান করা হচ্ছে রাশিয়া থেকে কেনা উন্নতমানের এস-৪০০ মিসাইল ব্যবহৃত হয়েছিল।
প্রসঙ্গত, ৮ অক্টোবর হিন্দন এয়ারবেসে হবে ৯৩তম বায়ুসেনা দিবস। তার আগে ৬ অক্টোবরের মহড়া রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধানরা। অপারেশন সিঁদুরের পতাকা নিয়ে উড়বে মি-১৭ হেলিকপ্টার। রাফাল, সু-৩০ এমকেআই, পরিবহণ বিমান, আকাশ মিসাইল সিস্টেম, রাডার এবং আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী থাকছে।