এতদিন সার্জনদের এ ধরনের প্রশিক্ষণ নিতে বিদেশে গিয়ে প্রচুর অর্থ খরচ করতে হত, যা এখন AIIMS-এর মধ্যেই সম্ভব হবে।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 12 September 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: নতুন দিগন্তের সূচনা করল এআইআইএমএস দিল্লি (AIIMS Delhi)। বৃহস্পতিবার ইনস্টিটিউটের স্কিলস, ই-লার্নিং অ্যান্ড টেলিমেডিসিন (SET) ফেসিলিটিতে চালু হল অত্যাধুনিক ‘দ্য ভিঞ্চি সার্জিক্যাল রোবট’ (Da Vinci Surgical Robot)। ইনটুইটিভ সার্জিক্যালসের সঙ্গে হাত মিলিয়ে সমঝোতা স্মারকের আওতায় আনা এই রোবটের মাধ্যমে রোবোটিক সহায়তায় সার্জারির (Robotic surgery) প্রশিক্ষণে নতুন অধ্যায় শুরু করল ভারতের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানটি।
এই সংযোজনের ফলে এআইআইএমএস দিল্লি এখন দেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে প্রশিক্ষণের জন্য দু’টি আলাদা সার্জিক্যাল রোবট (surgical robot) রয়েছে। এর আগে মেডট্রনিকস সংস্থার ‘হুগো’ প্রশিক্ষণ রোবট এই কেন্দ্রে ব্যবহৃত হত।
SET ফেসিলিটি দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী, রেসিডেন্ট, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীদের জন্য আধুনিক সার্জিক্যাল শিক্ষা ও অনুশীলনের সুযোগ করে দিচ্ছে। ম্যানিকিন, সিমুলেটর এবং বিশেষ প্রশিক্ষক ব্যবহার করে চাপমুক্ত ও তত্ত্বাবধানে থেকে শেখার পরিবেশ তৈরি করা হয় এখানে।
‘দ্য ভিঞ্চি’ রোবট স্থাপনের ফলে সার্জন এবং কেয়ার টিমরা ইউরোলজি, গাইনোকোলজি, সাধারণ সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, হেড অ্যান্ড নেক সার্জারি-সহ বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক সার্জারির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এই সহযোগিতা দেশে রোবোটিক সার্জারির প্রসার বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে AIIMS।
উদ্বোধনের সময় AIIMS দিল্লির ডিরেক্টর এম শ্রীনিবাস বলেন, “এই প্রশিক্ষণ কেন্দ্র সার্জিক্যাল শিক্ষার উন্নতি ও উদ্ভাবনে AIIMS-এর নেতৃত্ব আরও মজবুত করছে। নির্ভুলতার উপর ভিত্তি করে পরিচালিত রোবোটিক সার্জারির চাহিদা ভারতে দ্রুত বাড়ছে। আমাদের সার্জনদের অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে সার্জারির নির্ভুলতা বাড়ানো, রোগীর দ্রুত আরোগ্য এবং সর্বোপরি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, এতদিন সার্জনদের এ ধরনের প্রশিক্ষণ নিতে বিদেশে গিয়ে প্রচুর অর্থ খরচ করতে হত, যা এখন AIIMS-এর মধ্যেই সম্ভব হবে।
ইনটুইটিভ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার রোহিত মহাজন প্রতিশ্রুতি দিয়েছেন, এই সিস্টেমের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
AIIMS দিল্লির ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ অমলেশ শেঠ বলেন, “রোবোটিক সার্জারি আমাদের কাজের পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। এটি সার্জারিতে নির্ভুলতা, নিয়ন্ত্রণ এবং দৃশ্যমানতা বাড়ায়। এই প্রশিক্ষণ কেন্দ্র অভিজ্ঞ সার্জনদের নবীন চিকিৎসকদের মেন্টর করার সুযোগ দেবে, যাতে তারা যথাযথ দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারেন। এতে রেসিডেন্টরা নিরাপদ পরিবেশে আধুনিক মিনিমালি ইনভেসিভ পদ্ধতি শিখে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে, রোগীর সুরক্ষাও বাড়বে।”
সরকারি মেডিকেল কলেজে রোবোটিক সার্জারির প্রশিক্ষণের জন্য ইনটুইটিভ সার্জিক্যালের উন্নত ‘দ্য ভিঞ্চি’ সিস্টেমের এটি দেশের প্রথম ইনস্টলেশন। এর ফলে AIIMS দিল্লি শুধু সার্জারির শিক্ষায় নয়, স্বাস্থ্যসেবার আধুনিকতায়ও নতুন মান স্থাপন করল।