অর্থোপেডিক্স বা হাড়ের চিকিৎসায় (Orthopaedics) আসছে এক নতুন যুগ। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত স্মার্ট রোবোটিক প্রযুক্তির হাত ধরে দ্রুত পাল্টে যাচ্ছে অস্ত্রোপচারের পরিকাঠামো।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 July 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: অর্থোপেডিক্স বা হাড়ের চিকিৎসায় (Orthopaedics) আসছে এক নতুন যুগ। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত স্মার্ট রোবোটিক প্রযুক্তির হাত ধরে দ্রুত পাল্টে যাচ্ছে অস্ত্রোপচারের পরিকাঠামো। জয়েন্ট রিপ্লেসমেন্ট থেকে শুরু করে স্পাইন সার্জারির মতো জটিল প্রক্রিয়াগুলিও এখন সম্ভব হচ্ছে আরও নিখুঁতভাবে, কম কাটা-ছেঁড়া ও কম জটিলতা নিয়ে।
শুধু অপারেশন থিয়েটারে নয়, অস্ত্রোপচারের পর রোগীর সেরে ওঠার প্রক্রিয়াতেও বড় ভূমিকা নিচ্ছে রোবোটিক্স। বিশেষভাবে তৈরি রোবোটিক ফিজিওথেরাপি যন্ত্র এখন রোগীর পুনরুদ্ধারে কার্যকরী ভূমিকা নিচ্ছে। এই প্রযুক্তি প্রতিটি রোগীর অগ্রগতির ভিত্তিতে রিহ্যাব প্রক্রিয়াকে নিজে থেকেই সামঞ্জস্য করতে পারে, ফলে কম সময়ে বেশি সাফল্য মিলছে।
বিশ্ব অস্থি চিকিৎসা সংগঠন (World Orthopaedic Concern - WOC) ইন্টারন্যাশনালের সভাপতি ও খ্যাতনামা অস্থি চিকিৎসক ডা. অরিন্দম ব্যানার্জি বলেন, "যখন কোনও পুরনো চিকিৎসা পদ্ধতির সামনে নতুন প্রযুক্তি এসে দাঁড়ায়, তখন দুটির মধ্যে তুলনা করা সহজ হয় না। পুরনো পদ্ধতি তখন নিজে পরিপূর্ণ, আর নতুনটি তখনও তার বিকাশের শুরুতেই রয়েছে। রোবোটিক অস্ত্রোপচার এখনও তুলনামূলক নতুন। এখনই বলার উপায় নেই যে এটা পুরনো পদ্ধতির থেকে ভাল ও সহজ।"
তিনি আরও বলেন, "এর আগেও ন্যাভিগেশন বা পেশেন্ট-স্পেসিফিক ইনস্ট্রুমেন্টেশনের মতো প্রযুক্তি এসেছে, কিন্তু তারা খুব একটা পরিবর্তন আনতে পারেনি। রোবোটিক্স ভবিষ্যতে হয়তো ল্যাপারোস্কোপি বা আর্থ্রোস্কোপির মতো ‘নিউ নর্মাল’ হয়ে উঠবে, কিন্তু এখনই তা বলা যাচ্ছে না। যদি রোবোটিক্সকে দীর্ঘমেয়াদে ব্যবহার করতে হয়, তাহলে তাকে এমন সুফল দিতে হবে যা অতিরিক্ত খরচ ও সময়কে ন্যায্যতা দিতে পারে।"
রোবোটিক অস্ত্রোপচারের সবচেয়ে বড় শক্তি হল ডেটা-নির্ভর সার্জিক্যাল প্ল্যানিং এবং নিখুঁত প্রযুক্তি। যা শুধু সফল অস্ত্রোপচারের হার বাড়াচ্ছে না, রোগীর সুস্থ হয়ে ওঠার গতিও বাড়াচ্ছে। সার্জারি আর শুধু কাটাছেঁড়া নয়—এখন তা আরও ‘স্মার্ট’, আরও রোগীকেন্দ্রিক। অস্থি চিকিৎসার জগতে এই পরিবর্তন যে ভবিষ্যতের দিশা দেখাচ্ছে, সে কথা বলছেন চিকিৎসাবিজ্ঞানীরাও।