কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি কর কাঠামোয় একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যকে শূন্য বা সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবে আনা হয়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে দুধ-দইয়ের বাজারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 September 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: আমজনতার জন্য বিরাট সুখবর। একাধিক দ্রব্যের দাম (Product Prize) কমানোর ঘোষণা করল মাদার ডেয়ারি (Mother Dairy)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। সম্প্রতি জিএসটি-তে (GST) বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। তারপরই নিজেদের পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিল মাদার ডেয়ারি।
কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি কর কাঠামোয় একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যকে শূন্য বা সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবে আনা হয়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে দুধ-দইয়ের (Milk, Curd) বাজারে। সেই প্রেক্ষিতেই বলা যায়, নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষকে আরও স্বস্তি দিল মাদার ডেয়ারি সংস্থা।
কোন কোন জিনিসের দাম কমাচ্ছে সংস্থা
পনির, মাখন, চিজ, ঘি, মিল্কশেক, আইসক্রিম - এসবের দাম কমে যাচ্ছে। যেমন, ৫০০ গ্রাম মাখনের আগের দাম ছিল ৩০৫ টাকা। এখন তা পাওয়া যাবে ২৮৫ টাকায়। অন্যদিকে, একটি বাটারস্কচ কোন-আইসক্রিম মিলবে ৩০ টাকায়, আগে যা কিনতে হত ৩৫ টাকায়।

ইউএইচটি দুধের দামও কমছে। ১ লিটার টেট্রা প্যাক টোনড মিল্ক ৭৭ টাকা থেকে নেমে হচ্ছে ৭৫ টাকা। তবে পাউচ দুধের (ফুলক্রিম, টোনড, গরুর দুধ ইত্যাদি) দাম অপরিবর্তিত থাকবে। কারণ এগুলিতে কোনও দিনই কোনও জিএসটি ধার্য ছিল না। আমুলও আগেই জানিয়ে দিয়েছে, পাউচ দুধের দামে কোনও কাটছাঁট হবে না।
এই দাম কমানোর ঘোষণা হওয়ার পর মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মণীশ বন্দিশ জানিয়েছেন, “উপভোক্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা ১০০ শতাংশ কর ছাড়ের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।”

এই সিদ্ধান্তের ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করা হচ্ছে। মাদার ডেয়ারি দাম কমানোর পর এখন নজর রয়েছে অন্য এফএমসিজি সংস্থাগুলির দিকে, তাঁরাও কি একই পথে হাঁটবে?
কিছুদিন আগেই অবশ্য একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা ঘোষণা করেছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও (HUL)। ঘোষণা অনুযায়ী, এখন ৩৪০ মিলি ডাভ শ্যাম্পুর বোতলটির দাম হবে ৪৩৫ টাকা, যা আগে ছিল ৪৯০ টাকা। চার পিসের ৭৫ গ্রাম লাইফবয় সাবানের দাম ৬৮ টাকা থেকে কমে হয়েছে ৬০ টাকা। এ ছাড়াও, ২০০ গ্রামের হরলিক্সের দাম ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা হয়েছে এবং ২০০ গ্রাম কিষাণ জ্যামের দাম ৯০ টাকা থেকে কমে হয়েছে ৮০ টাকা।
সার্বিকভাবে জিএসটি স্ল্যাব ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ কমিয়ে আনা হয়েছে দু’টি মূল স্ল্যাবে, ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে বিলাসবহুল পণ্য, বড় গাড়ি, তামাকজাত দ্রব্যের মতো কিছু জিনিসের জন্য বিশেষ ৪০ শতাংশ স্ল্যাব রাখা হবে।