পাকিস্তানকে উদ্দেশ করে মুতাক্কির পরামর্শ, “আফগানিস্তানের মতোই অন্য দেশগুলিকেও শান্তির জন্য জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

আমির খান মুতাক্কি
শেষ আপডেট: 10 October 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ভারত (India Tour) সফরে এসেছেন আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকারের (Taliban Govt) কোনও মন্ত্রী। আর এই সফরেই ভারতের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিলেন তিনি।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি (Amir Khan Muttaqi) দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, গত চার বছরে আফগানিস্তান থেকে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো সব জঙ্গি সংগঠনকে নির্মূল করেছে তালিবান সরকার। তাঁর কথায়, “আফগান মাটিতে এখন এক ইঞ্চি জায়গাও কোনও জঙ্গি গোষ্ঠীর দখলে নেই। আমরা যে অভিযান চালিয়েছিলাম, আজ সেটি সম্পূর্ণ বদলে গেছে।”
পাশাপাশি পাকিস্তানকে উদ্দেশ করে মুতাক্কির পরামর্শ, “আফগানিস্তানের মতোই অন্য দেশগুলিকেও শান্তির (Peace) জন্য জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তালিবান সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই মুতাক্কির প্রথম ভারত সফর। এই সফরেই কাবুলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করছে নয়াদিল্লি। জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের টেকনিক্যাল মিশনকে এখন আফগানিস্তানে পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা দেওয়া হবে।
সম্প্রতি কাবুলে বিস্ফোরণ (Kabul Blast) ঘটেছে। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠকে মুতাক্কি এই প্রসঙ্গে অভিযোগ করে বলেন, কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। তাঁর বক্তব্য, “সীমান্তের কাছে প্রত্যন্ত এলাকায় হামলার ঘটনা ঘটেছে। আমরা মনে করি, এটি পাকিস্তানের ভুল পদক্ষেপ। সমস্যার সমাধান এভাবে হয় না। আলোচনা ছাড়া পথ নেই। আফগানিস্তান ৪০ বছর পরে শান্তি ও অগ্রগতির পথে হাঁটছে। এতে কারও আপত্তি থাকা উচিত নয়।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যে দেশই আফগানদের শক্তি পরীক্ষা করতে চাইবে, তারা যেন সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও ন্যাটোর কাছে জিজ্ঞাসা করে নেয় - আফগানিস্তানের সঙ্গে খেলা ভাল ফল ভাল হয় না।” পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে কাবুল আগ্রহী, কিন্তু তা একতরফা হতে পারে না বলেও মন্তব্য করেন মুতাক্কি।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর ভারত যেভাবে দ্রুত সাহায্যের হাত বাড়িয়েছে, তা আফগানিস্তানবাসীকে গভীরভাবে ছুঁয়েছে। মুতাক্কির কথায়, “ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে আমরা সম্পর্ক আরও জোরদার করতে চাই।''
তিনি আরও জানান, আমেরিকার আরোপিত শুল্কনীতির প্রভাব মোকাবিলায় ভারত ও আফগানিস্তানকে যৌথভাবে আলোচনায় বসতে হবে। তাঁর মতে, “আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে। তাই সব বাণিজ্য পথ খোলা থাকা দরকার। কোনও রুট বন্ধ থাকলে তা সরাসরি ভারত-আফগান বাণিজ্যকে প্রভাবিত করে।