কমিশন বলেছে, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা, পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 22 July 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Assembly Elections 2025) আগে তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে (Supreme Court) স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন (ECI) জানিয়ে দিয়েছে যে, আধার কার্ড (Aadhaar cards), সচিত্র ভোটার পরিচয়পত্র (voter IDs) ও রেশন কার্ড (Ration card) ভারতীয় নাগরিকত্বের (Indian citizenship) প্রমাণ নয়। ফলে এইসব নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না।
একইসঙ্গে শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে, বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার ও কর্তৃত্ব তাদের আছে। গুচ্ছ আবেদনের সুপ্রিম কোর্টের তলব করা প্রতি-হলফনামায় একথা জানায় কমিশন। আবেদনকারীদের দাবি ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তার জবাবে কমিশন বলেছে, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা, পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে।
কমিশন সর্বোচ্চ আদালতকে প্রত্যত্তুরে জানায়, দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাঁকে ভারতের নাগরিক হতে হবে। যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে, সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগের জবাবে কমিশন আদালতকে জানিয়েছে, ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখছেন কোনও ব্যক্তির নাম তালিকা থাকার কোনও যোগ্যতা নেই, তখনই তাঁর নাম বাদ যাচ্ছে। এক্ষেত্রে বৈষম্যের কোনও কারণ ঘটছে না।
কমিশন বলেছে, তাদের একমাত্র লক্ষ্য ভারতের নাগরিক নন, এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত্ব আইন ১৯৫৫ মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২৮ জুলাই।