সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বলেন, “রুদ্রাংশ তো একদম ঠিক কথা বলেছে! ফাইটার প্লেন তো আমাদের লড়াইয়েও কাজে লাগবে।” তাঁর ইঙ্গিত মহারাষ্ট্রের আসন্ন পুরভোটের দিকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 August 2025 08:40
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে বুধবার সপরিবারে হাজির হন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। তবে আলোচনার কেন্দ্রে উঠে এলেন সেই সদস্য, যিনি সেখানে ছিলেনই না - শিন্ডের পাঁচ বছরের নাতি রুদ্রাংশ।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন একনাথ শিন্ডে, তাঁর স্ত্রী লতা শিন্ডে, সাংসদ পুত্র শ্রীকান্ত শিন্ডে ও পুত্রবধূ ঋষালি শিন্ডে। কিন্তু দেখা হওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদীর প্রথম প্রশ্ন ছিল, "রুদ্রাংশ কোথায়?"
শিন্ডে হেসে উত্তর দেন, “সে বাড়িতেই খেলছে। তবে ওর একটা দাবি আছে। বলেছে, ‘দাদু মোদী বাবার (Modi Baba) কাছ থেকে ফাইটার প্লেন (Fighter Plane) আর খেলনা নিয়ে আসবে।''' এই কথা শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রীও।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বলেন, “রুদ্রাংশ তো একদম ঠিক কথা বলেছে! ফাইটার প্লেন তো আমাদের লড়াইয়েও কাজে লাগবে।” তাঁর ইঙ্গিত মহারাষ্ট্রের আসন্ন পুরভোটের দিকে।
প্রসঙ্গত, এদিনই দিল্লিতে আসেন উদ্ধব ঠাকরেও। তিনি যান 'ইন্ডিয়া' জোটের ডিনার মিটিং-এ অংশ নিতে। তার পাল্টা তির্যক মন্তব্য করেন শিন্ডে। বলেন, “উনি এসেছেন ১০ জনপথে, আর আমরা যাচ্ছি লোক কল্যাণ মার্গে। বালাসাহেব ঠাকরে যেভাবে বলেছিলেন, সেই পথেই।''
এ দিন প্রধানমন্ত্রীর হাতে তিনি শিবের একটি ছবি তুলে দেন। পাশাপাশি বলেন, “জম্মু-কাশ্মীরের ‘অপারেশন মহাদেব’-এর সাফল্য উদ্যাপন করতেই এই উপহার। ওই অভিযানে পহেলগাম হত্যাকাণ্ডে অভিযুক্ত জঙ্গিকে খতম করা হয়েছে।”
তবে যখন শিন্ডেকে প্রশ্ন করা হয়, ‘অপারেশন টাইগার’-এর কী খবর, যার মাধ্যমে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-কে ভাঙার চেষ্টা হয়েছিল বলে জল্পনা, সেই প্রসঙ্গে, শিন্ডের জবাব - “আমরা এখন কথা বলছি অপারেশন সিঁদুর আর অপারেশন মহাদেব নিয়ে, অপারেশন টাইগার নিয়ে নয়।'' স্পষ্টতই বিষয়টি এড়িয়ে যান তিনি।