গ্রামের মহিলারাও এই নিয়মকে স্বাগত জানিয়েছেন। তাঁদের অনেকে বলছেন, “যদি মেয়েদের গয়না পরায় নিয়ন্ত্রণ আনা হয়, তবে পুরুষদের মদ্যপানেও নিয়ন্ত্রণ থাকা উচিত। পাশাপাশি বিয়েতে দামি উপহার দেওয়া-নেওয়ার উপরেও নিষেধাজ্ঞা দরকার।”

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 October 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: বিয়েতে আর ইচ্ছে মতো সোনার গয়না পরে সাজা যাবে না (Indian wedding new rule), এমনই নতুন নিয়ম জারি হয়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) এক গ্রামে। গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনও কনে বিয়েতে তিনটির বেশি সোনার গয়না পরতে পারবেন না।
এই নিয়ম আনা হয়েছে গ্রামে অযথা প্রতিযোগিতা, দেখনদারি আর হিংসার ঘটনা বন্ধ করতে (social equality in villages)। পঞ্চায়েতের বক্তব্য, আজকাল অনেক পরিবার সামাজিক মান রাখার জন্য ঋণ নিয়ে সোনার গয়না কিনছে। এতে বিশেষ করে পাত্রীর পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে। তাই সমাজে সমতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত।
ঘটনাটি দেরাদুন জেলার ইন্দ্রানী গ্রামে। যমুনা ও টন নদীর মাঝে অবস্থিত এই এলাকায় জৌনসার-বাওয়ার অঞ্চলের আদিবাসীরা থাকেন। সম্প্রতি গ্রামের প্রবীণরা বৈঠক করে ঠিক করেন, বিয়েতে কনে শুধু তিনটি গয়না পরতে পারবেন-এক জোড়া কানের দুল, একটি নাকের দুল (নথ) ও একটি মঙ্গলসূত্র। এর বাইরে অন্য কোনও সোনার গয়না পরে অনুষ্ঠানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা।
গ্রামের প্রবীণ সদস্য অর্জুন সিং জানিয়েছেন, “সোনার দাম এখন খুব বেশি। অনেকে বাধ্য হয়ে ঋণ নিয়ে সোনা কেনেন। এতে সংসারে ঝামেলা ও মানসিক চাপ বাড়ে। তাই এই নিয়ম সেই বোঝা কিছুটা কমাবে।”
গ্রামের মহিলারাও এই নিয়মকে স্বাগত জানিয়েছেন। তাঁদের অনেকে বলছেন, “যদি মেয়েদের গয়না পরায় নিয়ন্ত্রণ আনা হয়, তবে পুরুষদের মদ্যপানেও নিয়ন্ত্রণ থাকা উচিত। পাশাপাশি বিয়েতে দামি উপহার দেওয়া-নেওয়ার উপরেও নিষেধাজ্ঞা দরকার।”
পঞ্চায়েতের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য সমাজে শান্তি, সমতা ও সংযম বজায় রাখা। “বিয়ে কোনও প্রতিযোগিতা নয়, এটি জীবনের নতুন অধ্যায়। তাই অহংকার নয়, সরলতাই হোক সমাজের অলঙ্কার।”