মধ্যপ্রদেশের (Madya Pradesh) ছিন্দওয়ারায় যে ‘কোলড্রিফ’ (Coldrif) কাফ সিরাপ খেয়ে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে, সেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্রেসান ফার্মা (Sresan Pharma)-র কারখানায় মোট ৩৬৪টি নিয়মভঙ্গ ধরা পড়েছে।

'মারণ' কাশির ওষুধ
শেষ আপডেট: 9 October 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: মারণ কাশির ওষুধ (Killer Cough Syrup) কাণ্ডে আরও বিস্ফোরক তথ্য সামনে এল। মধ্যপ্রদেশের (Madya Pradesh) ছিন্দওয়ারায় যে ‘কোলড্রিফ’ (Coldrif) কাফ সিরাপ খেয়ে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে, সেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্রেসান ফার্মা (Sresan Pharma)-র কারখানায় মোট ৩৬৪টি নিয়মভঙ্গ ধরা পড়েছে। এর মধ্যে ৩৮টি গুরুতর অনিয়ম, জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, সংস্থাটি কোনও রকম ল্যাব টেস্ট ছাড়াই বাজারে কাফ সিরাপ (Coldrif syrup) সরবরাহ করছিল। ওষুধে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থের পরিমাণ সীমা ছাড়িয়ে গিয়েছিল, যার ফলেই শিশুদের মৃত্যু হয়।
সংস্থার মালিক রঙ্গনাথন গোবিন্দন এবং তাঁর স্ত্রী দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, স্রেসান ফার্মা ২০১১ সালে লাইসেন্স পেয়েছিল এবং ২০১৬ সালে তা নবীকরণও হয়। তবে এই লাইসেন্স দেয় তামিলনাড়ু এফডিএ (FDA), কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) নয়। ফলে কেন্দ্রীয় সংস্থা সংস্থাটির কার্যকলাপ সম্পর্কে অবগত ছিল না।
এখন CDSCO গোটা দেশে উৎপাদিত সমস্ত কাফ সিরাপের উপর বড়সড় তদন্ত শুরু করেছে। সব রাজ্যের থেকে কাশির ওষুধ প্রস্তুতকারী সংস্থার তালিকা চাওয়া হয়েছে। সূত্রের দাবি, আগামী এক মাসের মধ্যে সব কাফ সিরাপের পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে—
প্রতিটি ব্যাচ বাজারে ছাড়ার আগে টেস্ট বাধ্যতামূলক
অপরীক্ষিত কাঁচামাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকেই উপাদান সংগ্রহ করতে হবে
অন্যদিকে, এই ঘটনার পর একাধিক রাজ্যে কাশির ওষুধ বিক্রিতে নতুন বিধিনিষেধ জারি হয়েছে। কেরল সরকার ১২ বছরের কম বয়সিদের কাছে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কাশির ওষুধ বিক্রি নিষিদ্ধ করেছে। ইন্ডিয়ান ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশন দেশের সব ওষুধ বিক্রেতাকে আহ্বান জানিয়েছে, দুই বছরের নীচের শিশুদের কাছে কোনও কাফ সিরাপ বিক্রি না করার জন্য।
তদন্তে জানা গিয়েছে, রাজস্থানে সম্প্রতি শিশু মৃত্যুর ঘটনাগুলির সঙ্গে কাফ সিরাপের কোনও যোগ পাওয়া যায়নি। সেই মৃত্যুগুলি ঘটেছে অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম এবং জাপানি এনকেফেলাইটিসে।
কেন্দ্রীয় সূত্রের মন্তব্য, “এই ঘটনায় ভারতের ওষুধ উৎপাদন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে কোনও সংস্থাকে পরীক্ষাবিহীন ওষুধ বাজারে আনতে দেওয়া হবে না।”