মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ‘বিষাক্ত’ কাফ সিরাপ খেয়ে ১৫ দিনের মধ্যে কিডনি ফেল করে ৯ শিশুর মৃত্যুর ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 October 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান ও মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর (Children Deaths) ঘটনায় যে কাশির সিরাপকে (Cough Syrup Death) দায়ী করা হচ্ছিল, তার মধ্যে কোনও ভেজাল নেই বলে জানাল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (CDSCO)।
সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হয় এই জেনেরিক কাশি কমানোর ওষুধ (Cough Syrup) ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড। শিশু মৃত্যুর অভিযোগের পর ওষুধটির নমুনা পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থার দাবি, “এখনও পর্যন্ত কোনও ধরনের ভেজাল পাওয়া যায়নি। সিরাপ থেকে বিষক্রিয়ার অভিযোগও ভিত্তিহীন।”
সিরাপ খেয়ে অসুস্থ ডাক্তারও
বিতর্কিত সিরাপটি তৈরি করে জয়পুরের কেসন্স নামে একটি সংস্থা। গত দু’বছরে এই সিরাপের ৪০টি নমুনা গুণমান পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি রাজস্থানের ভরতপুর ও সিকরে দুই শিশুর মৃত্যু এবং আরও কয়েকজন অসুস্থ হওয়ার পর ফের প্রশ্ন উঠেছে সিরাপের গুণমান নিয়ে। ভরতপুরের এক সরকারি হাসপাতালের চিকিৎসক নিজে এই সিরাপ খেয়ে প্রমাণ করতে চেয়েছিলেন এটি নিরাপদ। কিন্তু উল্টে তিনিই অসুস্থ হয়ে পড়েন।
মধ্যপ্রদেশে ৯ শিশুর মৃত্যু
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ‘বিষাক্ত’ কাফ সিরাপ খেয়ে ১৫ দিনের মধ্যে কিডনি ফেল করে ৯ শিশুর মৃত্যুর ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মরশুমি সর্দি-কাশি-জ্বরের চিকিৎসা করতে গিয়ে তা শিশুমৃত্যু মিছিলে পরিণত হয়েছে। আর কেন্দ্রের দাবি, মধ্যপ্রদেশে প্রায় ৫০০ জনের রক্ত পরীক্ষায় কোনও সংক্রামক রোগ ধরা পড়েনি। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) গত সপ্তাহে জলের নমুনা, ওষুধ এবং পোকামাকড় সংক্রান্ত পরীক্ষাও করেছে।
এদিকে, আগাম সতর্কতা হিসেবে তামিলনাড়ু সরকারের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কোল্ডরিফ কাফ সিরাপ রাজ্যে বিক্রি বন্ধ করে দিয়েছে। কোম্পানির কাঞ্চিপুরম কারখানা থেকে কোনও ওষুধ বাজারে বেরবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর ইতিমধ্যে ‘কোলড্রিফ’ ও ‘নেক্সট্রো-ডিএস’ নামের দুটি সিরাপের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।