পুরীতে আগুনে দগ্ধ ১৫ বছরের কিশোরীর মৃত্যু। বাইক আরোহী তিন যুবকের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ। তদন্তে গড়িমসির অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 August 2025 07:54
দ্য ওয়াল ব্যুরো: বর্বরতার এক ভয়ঙ্কর পরিণতি। শেষ পর্যন্ত মৃত্যু হল সেই ১৫ বছরের কিশোরীর, যাকে ১৯ জুলাই ওড়িশার পুরী জেলার একটি নদীর চরে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় ভুবনেশ্বর AIIMS-এ, পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লি AIIMS-এ। শনিবার সেখানেই তার মৃত্যু হয়।
নাবালিকা ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ, সেদিন সকালে পুরীর বায়াবর গ্রামে তিন জন বাইক আরোহী যুবক প্রথমে তাকে অপহরণ করে, অজ্ঞান করে ফেলে, তারপর ভর্গবী নদীর চরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। অলৌকিকভাবে বেঁচে গিয়ে, জ্বলন্ত অবস্থায় কাছাকাছি এক বাড়িতে আশ্রয় নেয় মেয়েটি। সেখান থেকে স্থানীয়রাই তাকে নিয়ে যান হাসপাতালে। তার কথায় ভিত্তি করেই পুলিশ প্রথম বয়ান রেকর্ড করে।
দিল্লি AIIMS-এ নেওয়ার পর তার দেহে স্কিন গ্রাফটিং করা হয়। দেওয়া হচ্ছিল ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন, যাতে সংক্রমণ শরীরে ছড়িয়ে না পড়ে। সব রকম চেষ্টা করেও শেষরক্ষা হল না।
ঘটনার নিন্দায় মুখর বিভিন্ন মহল। মুখ্যমন্ত্রী মোহন মাজি এক্স-এ (প্রাক্তন টুইটার) লেখেন, “সরকার সব রকম চিকিৎসার ব্যবস্থা করেছিল। কিন্তু মেয়েটিকে বাঁচানো গেল না, এই মৃত্যুতে আমরা শোকাহত। তদন্ত চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কড়া শাস্তি নিশ্চিত করা হবে।”
তবে প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে। জানা গিয়েছে, ঘটনার পর এখন পর্যন্ত আটজনকে আটক করা হলেও, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এক আধিকারিক জানান, “ঘটনার নেপথ্য কারণ, প্রমাণ এবং প্রত্যেকটি আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনও ফাঁক রাখা হবে না।”
এই ঘটনার আগেও কিছুদিন আগে বালেশ্বরে আত্মঘাতী হয় এক ২০ বছরের কলেজ ছাত্রী। অভিযোগ, ফকির মোহন কলেজের এক অধ্যাপকের যৌন হেনস্থার শিকার হয়ে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। দুই মর্মান্তিক ঘটনার মধ্যে অস্বস্তিতে রাজ্য সরকার।
এই আবহে বিরোধীরা শাসক বিজেপিকে নিশানা করতে ছাড়েনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘটনাকে আখ্যা দিয়েছেন “শাসন ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা” বলে। সমালোচনা করেছে কংগ্রেসও।