
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 17 January 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মালদহে তৃণমূল কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
গত মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানেই কয়েকজন আততায়ী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বকুল শেখ। গুলি লাগে তাঁর পাশে থাকা এক তৃণমূল কর্মীরও। এরপর গুলি ছুড়তে ছুড়তেই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ওই ঘটনার ১২ দিন আগে আততায়ীদের গুলিতে মালদহে মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা বাবলা সরকারের। পর পর খুনের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এমনকী এসব কাণ্ডের মধ্যে গত বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশকে গুলি করে পালিয়ে যায় এক আসামী। ঘটনায় দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য গুলিবিদ্ধ হন।
এরপরই বৃহস্পতিবার শিলিগুড়িতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”
তখনই মনে করা হয়েছিল, দুষ্কৃতী প্রশ্নে পুলিশ এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে। প্রসঙ্গত, শিলিগুড়ি থেকে এদিন সকালেই মালদহে পৌঁছন ডিজি। এরপরই পুলিশের হাতে গ্রেফতার গুলি কাণ্ডে প্রধান অভিযুক্ত।