
শেষ আপডেট: 24 March 2023 10:27
দ্য ওয়াল ব্যুরো: দিনেরবেলা ইউটিউব চ্যানেলের কাজকর্ম করতেন তাঁরা। আর রাত হলেই শুরু হতো ডাকাতি। এলাকায় ইউটিউবার (Youtubers) হিসাবেই পরিচিতি ছিল তাঁদের কিন্তু ভিতর ভিতর যে ডাকাতি (robbery) চলত, তা জানতেন না কেউই। এবার সেই ডাকাতির অভিযোগে 'ভোজপুরী ডিস্কো' নামের এক চ্যানেলের পাঁচ সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে (Gorakhpur)।
জানা গিয়েছে, ওই চ্যানেলে নানা রকমের ভোজপুরী গান পোস্ট করা হতো। নাচের গানের জন্য এই চ্যানেল অল্প কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স। সূত্রের খবর, প্রায় ৮ লক্ষ ফলোয়ার্স রয়েছে ওই ইউটিউব চ্যানেলটির। সেখান থেকে ভালই আয় করছিলেন ওই ইউটিউবাররা।
কিন্তু দিনকয়েক আগে সেই চ্যানেলের উপর বিপদ ঘনিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, ওই 'ভোজপুরী ডিস্কো' চ্যানেলের নির্মাতা ইউটিউবের নীতি লঙ্ঘন করায় জরিমানা করে ইউটিউব। ফলে ওই চ্যানেল থেকে সদস্যদের উপার্জন বন্ধ হয়ে যায়। এতেই বেকায়দায় পড়েন ওই ইউটিউবাররা। অভিযোগ, এরপরই চ্যানেলের বেশ কয়েকজন সদস্য ডাকাতির পথ বেছে নেন।
অভিযোগ, রাতের দিকে শ্যুটিংয়ের ক্যামেরাম্যানদের ডেকে এনে ডাকাতি করতেন তাঁরা। তাঁদের সঙ্গে দেখা করে দামি ক্যামেরা কেড়ে নিতেন। এ ভাবে বেশ কয়েক জন ক্যামেরা অপারেটরের কাছে থেকে ৬-৭ লাখ টাকা দামের ক্যামেরা-লেন্স নিয়ে নেন ইউটিউবাররা। অবশেষে গত ২১ মার্চ গোরক্ষপুর পুলিশের কাছে এই ঘটনা নিয়ে প্রথম অভিযোগ জমা পড়ে।
এরপরই তদন্তে নামে পুলিশ। গোরক্ষপুর পুলিশের এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন, "অভিযোগ পাওয়ার পর থেকেই ওই ইউটিউবারদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে ওই অভিযুক্তদের পাকড়াও করতে ফাঁদ পাতে পুলিশ। তাতেই ধরা পড়ে ৫ অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েকটি দামি ক্যামেরার পাশাপাশি রিভলভার এবং কার্তুজও উদ্ধার করা হয়েছে।
জন্মের পরেই সাড়ে চার লাখ টাকায় শিশুকে বিক্রি! মা-সহ গ্রেফতার ১১ জন