
শেষ আপডেট: 20 June 2022 17:34
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রবীণ সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার (Yashwant Sinha) নাম সংযুক্ত বিরোধী প্রার্থী হিসাবে বিভিন্ন মহল থেকে প্রস্তাব করা হয়েছে বলে খবর। আগামীকাল শরদ পাওয়ারের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে কয়েকটি দল যশোবন্তের নাম প্রস্তাব করতে পারে। বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোাধ্যায়ের উপস্থিত থাকার কথা।
এর আগে শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধী বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী (President Candidate) হতে অনিচ্ছা প্রকাশ করায় নতুন প্রার্থী খোঁজা শুরু হয়েছে।
তৃণমূল (TMC) সূত্রে দাবি করা হচ্ছে, কয়েকটি বিরোধী দলের তরফে যশোবন্তের নাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব করা হয়েছে। তিনি বলেছেন, আলোচনা যা করার বৈঠকে করতে। তবে মমতা বন্দ্যোাধ্যায়ের কোনও আপত্তি নেই।
যশোবন্ত স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক। প্রাক্তন এই আমলা দুই দফায় কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন। প্রথমবার চন্দ্রশেখরের মন্ত্রিসভায়। দ্বিতীয়বার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালে। এছাড়া বাজপেয়ীর মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রকও সামলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর তাঁকে রাজ্যসভার সদস্য করেন। তিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য।
তিনি মোদী জমানার তীব্র সমালোচক শুধু নন, বিজেপিতে থাকাকালেই প্রাক্তন এই অর্থ ও বিদেশমন্ত্রী বর্তমান সরকারের নীতির বিরোধিতায় সরব। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সিদ্ধান্তেও তীব্র আপত্তি তুলেছেন। বিমুদ্রাকরণ, জিএসটি ইস্যুতে তাঁর সমালোচনা বিরোধীদের ভাষা যোগায়। বর্তমান বিজেপি নেতৃত্বের বিভেদ নীতির বিরুদ্ধেও তিনি বরাবর সরব। রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে কালকের বৈঠকে যশোবন্তের নাম উঠলে কংগ্রেস এবং বামেরা কী অবস্থান নেয়।